২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে ফের বিক্ষোভ, পুলিশের গুলিতে একজন নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বিক্ষোভ শুরু করেছে স্বাধীনতাকামী মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় শাসনের বিরুদ্ধে শনিবার শ্রীনগরসহ কাশ্মীর জুড়ে ধর্মঘট সফল করতে শত শত মুসলিম বিক্ষোভকারী রাস্তায় নেমে আসলে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় পুলিশের গুলিতে একজন নিহত হয়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 02:20 PM

শ্রীনগর, ভারত, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আবারও বিক্ষোভ শুরু করেছে স্বাধীনতাকামী মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় শাসনের বিরুদ্ধে শনিবার শ্রীনগরসহ কাশ্মীর জুড়ে ধর্মঘট সফল করতে শত শত মুসলিম বিক্ষোভকারী রাস্তায় নেমে আসলে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় পুলিশের গুলিতে একজন নিহত হয়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। অমরনাথ মন্দির ট্রাস্টকে ৯৯ একর জমি বরাদ্দ করা নিয়ে এ বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে তা নয়াদিল্লির শাসন বিরোধী বিক্ষোভে রূপ নেয়। গতমাসে লাগাতার কয়েক সপ্তাহ ধরে চলা ওই বিক্ষোভে কমপক্ষে ৩৫জন নিহত হয়। আহত হয় অন্তত এক হাজার। ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে সহিংস বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরুর পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বিক্ষোভ ছিল এটি। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বাধীনতাকামীদের ডাকা ধর্মঘটে শনিবার কাশ্মীরের স্কুল, কলেজ, সরকারি অফিস আদালতসহ দোকানপাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ইমতিয়াজ আহমেদ জানান, রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশ গুলি চালালে একজন নিহত হয়। তিনি বলেন, জাভেদ ইকবাল নামে এক কাশ্মীরী নিহত হয়েছেন। তিনি বুকে গুলিবিদ্ধ হয়েছেন। ওদিকে, শনিবারের ধর্মঘট ও বিক্ষোভকে কেন্দ্র করে শুক্রবার শীর্ষ রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে রাখে পুলিশ। কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা সাইয়েদ আলি শাহ গিলানি রয়টার্সকে বলেন, "আমাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সেনারা প্রকারান্তারে আমাদের স্বাধীনতা সংগ্রামকেই আরও বেগবান করছে এবং কাশ্মীরীদের শক্তিশালী করে তুলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০০ ঘ.