কায়রো, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিসরের রাজধানী কায়রোর পূর্বাঞ্চলের একটি বস্তি এলাকায় শনিবার পাহাড় ধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে উন্নীত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৩ জন। নিরাপত্তা এবং হাসপাতাল সূত্রে একথা জানা গেছে।
ঘনবসতিপূর্ণ মানসিয়াত নাসের বস্তি এলকায় ওই পাহাড় ধ্বসে অনেকগুলো বাড়ি চাপা পড়েছে। আরও ধ্বসের আশঙ্কায় ওই এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা।
পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা দমকল, অ্যাম্বুলেন্স ও প্রশিক্ষিত কুকুর নিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সরকারের পক্ষ থেকে উদ্ধারের পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
পুলিশ এলাকাটি ঘিরে রেখে উদ্ধার অভিযান চালাচ্ছে। এর বাইরে জড়ো হয়ে বিলাপ করছে হতাহত ও নিখোঁজদের স্বজনরা।
শনিবার ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশকে লক্ষ্য করে একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, "আপনারা শুধু পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আটকে পড়াদের উদ্ধারে কিছুই করছেন না।"
তিনি আরও বলেন, "এই ঘটনা সুরা কাউন্সিলে (পার্লামেন্টের উচ্চকক্ষ) ঘটলে সরকার সেনাবাহিনী নামিয়ে উদ্ধার অভিযানে ঝাপিয়ে পড়ত।"
প্রসঙ্গত, গত আগস্টে সুরা কাউন্সিলে আগুন লাগার পর তা নেভাতে সেনাবাহিনী তলব করা হয়েছিল। সেনাবাহিনী হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় একজন নিহত হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৫৩৫ ঘ.
bdnews24