ওয়াশিংটন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রধানমন্ত্রী নূরী আল-মালিকিসহ ইরাকি নেতাদের ওপর যুক্তরাষ্ট্র গোয়েন্দাগিরি করছে বলে যে খবর বেরিয়েছে, মার্কিন সরকারের কাছে তার ব্যাখ্যা চাইবে ইরাক। ইরাক সরকারের এক মুখপাত্র শনিবার একথা জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্ট পত্রিকা গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, মালিকিসহ অন্যান্য ইরাকি নেতাদের ওপর গোয়েন্দাগিরি করছে যুক্তরাষ্ট্র। প্রসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ওপর লেখা বিখ্যাত মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড এর চতুর্থ বইয়ে একথা বলা হয়েছে বলে পত্রিকাটি জানায়।
ইরাক সরকারের মুখপাত্র আলি আল-দাব্বাগ এক বিবৃতিতে বলেন, "যদি ওই খবর সত্যি হয়.. তাহলে একথা বলতে হবে যে কোথাও বিশ্বাস নাই।" ইরাক এ বিষয়ে মার্কিন সরকারের ব্যাখ্যা চাইবে বলে তিনি জানান।
সিআইএ ও অন্যান্য মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "এই ঘটনা সত্য প্রমাণিত হলে ভবিষ্যতে এই সব সংস্থাগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তা প্রভাব ফেলবে।"
মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ড এর লেখা "দ্য ওয়ার উইদিন: এ সিক্রেট হোয়াইট হাউস হিস্টরি ২০০৬-২০০৮" নামের ৪৮৭ পাতার বইটি আগামী সোমবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ব্যাপক গোয়েন্দা কার্যক্রম সংক্রান্ত এ বই লিখতে অনেকগুলো সূত্রের সাহায্য নিয়েছেন উডওয়ার্ড। পত্রিকার একটি সূত্র জানিয়েছেন, "তিনি (বুশ) যা বলেছেন আমরা তার সবই জানি।"
পত্রিকাটি জানিয়েছে, বাইটিতে আরও বলা হয়েছে, ইরাকে ২০০৭ সালে সেনা সংখ্যা বাড়ানোটাই সহিংসতা কমার মূল কারণ নয়।
কর্মক্ষত্রে বুশ এবং মালিকির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও এ বইয়ে চিত্রিত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, উডওয়ার্ড লিখেছেন, "ইরাকি প্রধানমন্ত্রী মালিকির ওপর নজরদারির কারণে কয়েকজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তাদের প্রশ্ন ছিল, এর ফলে কি বিশ্বাস অর্জনের ক্ষেত্রে বুশের প্রচেষ্টা ঝুঁকির মধ্যে পড়বে না?"
১৯৭৪ সালে যে ওয়াটার গেট কেলেঙ্কারির দায়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পদত্যাগে বাধ্য হয়েছিলেন তা উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিখ্যাত মার্কিন সাংবাদিক কার্ল বার্নস্টিনের। আর তার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা রয়েছে বব উডওয়ার্ডের।
বুশের প্রেসিডেন্সির ওপর উডওয়ার্ডের লেখা তৃতীয় বই "স্টেট অব ডেনিয়েল" আমেরিকার বাজারে সবচেয়ে বেশি বিক্রিত বইয়ের একটি। ওই বইয়ে উডওয়ার্ড বুশ সম্পর্কে বলেছিলেন, তিনি ইরাকে সেনা বাড়ানোর দাবির বিরোধিতা করছেন এবং সেখানকার সহিংসতার মাত্রা নিয়ে মার্কিনিদের ভুল তথ্য দিচ্ছেন।
প্রথম দুটি বইয়ে বুশকে একজন নায়ক হিসাবে চিত্রিত করার জন্য সমালোচিত হয়েছিলেন উডওয়ার্ড। এ বই দুটিও যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর লিখেছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২০ ঘ.
bdnews24