ভিয়েনা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত-যুক্তরাষ্ট্র বেমাসরিক পরমাণু চুক্তির বাধা অপসারণ করতে ভারতের ওপর থেকে পরমাণু বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রস্তাবে শনিবার সম্মতি দিয়েছে ৪৫ জাতি পরমাণু সরবরাহকারী গ্র"প (এনএসজি)।
এই চুক্তি কার্যকর হওয়া পথে এখন একটিই বাধা সামনে তা হলো, মার্কিন কংগ্রেসের অনুমতি। আর সেটা এই সেপ্টেম্বরের মধ্যে না হলে যুক্তরাষ্ট্রে নির্বাচনের পর নতুন প্রশাসনের অধীনে চুক্তির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়তে পারে।
পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তিতে সই না করা এবং ১৯৭৪ ও ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা চালানো ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে আন্তর্জাতিক মহল এখনও সন্দিহান।
ভারতে চুক্তির বিরোধিতা করে বাম মিত্ররা সমর্থন প্রত্যাহার করে নিলে পার্লামেন্টে আস্থাভোটের মুখে পড়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আস্থাভোটে ইউপিএর জয়ে সে প্রতিবন্ধকতা দুর হয়।
চুক্তিটি মার্কিন কংগ্রেসে সম্মতির জন্য উত্থাপিত হওয়ার আগে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও এনএসজি'র সম্মতি প্রয়োজন ছিল। আইএইএ এর আগেই সম্মতি দিয়েছে। এখন এনএসজির প্রতিবন্ধকতা দূর হল।
তবে পরমাণু চুক্তির মূল বিষয়গুলো আড়াল করে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে অভিযোগ করে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছে ভারতের প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিজেপি অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তি করার ক্ষেত্রে সরকার নিজেদের পারমাণবিক অধিকারের সঙ্গে আপোস করছে। এই চুক্তির ফলে পারমাণবিক পরীক্ষার পথ বন্ধ হবে না জানিয়ে সরকার পার্লামেন্টকে ইচ্ছাকৃতভাবে বিপথে চালিত করছে বলে তারা জানিয়েছে।
গত বুধবার প্রকাশ হয়ে যাওয়া একটি তথ্যমতে মার্কিন কর্মকর্তারা পরিস্কারভাবে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন, ভারত কোনও পারমাণবিক পরীক্ষা চালালে তাদের সঙ্গে পরমাণু বাণিজ্য বন্ধ হয়ে যাবে।
এক বিবৃতিতে বিজেপি গত বৃহস্পতিবার জানায়, "এটা এখন পানির মতো পরিস্কার যে, এই চুক্তির করা হলে ভারত পারমাণবিক পরীক্ষার অধিকার চিরতরে হারাবে।"
বিবৃতিতে আরও বলা হয়, "এ নিয়ে আর কোনো সংশয় থাকতে পারে না যে, এই চুক্তিতে যুক্তরাষ্ট্র বা পরমাণু সরবরাহকারী অন্য কোনও দেশের জন্য কোনও বাধ্যবাধকতা থাকছে না।"
চুক্তি কার্যকর হলে বেসামরিক পরমাণু জ্বালানি উৎপাদনে ভারতের প্রায় চারশ' কোম্পানি জিই, ওয়েস্টিংহাউস ও এরিভার মতো বিশ্বের বড় বড় পরমাণু ফার্মগুলোর সহযোগিতা পাবে। যদিও এর জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রয়োজন হবে।
তবে মনমোহন সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি সত্ত্বেও তারা নিজেদের পরমাণু পরীক্ষা চালাতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৪৫ ঘ.
bdnews24