ইসলামাবাদ, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার সকালে। প্রবল আন্দোলন ও চাপের মুখে প্রেসিডেন্ট পদ থেকে গত মাসে পদত্যাগকারী সাবেক জেনারেল পারভেজ মুশাররফের উত্তরসূরী নির্বাচনের জন্য এতে ভোট দিচ্ছেন দেশটির জাতীয় পরিষদ এবং চারটি প্রাদেশিক পরিষদের সদস্যরা।
এ নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াই হচ্ছে। পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে থাকা পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলি জারদারির সঙ্গে লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এর প্রার্থী সাঈদুজ্জান সিদ্দিকী ও মুশাররফপন্থি দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-কিউ) এর প্রার্থী মুশাহিদ হুসেইন সাঈদ।
ধারণা করা হচ্ছে, প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী ও পিপিপি প্রার্থী জারদারি এ নির্বাচনে জয়ী হবেন। শনিবারই দিনের শেষে এ নির্বাচনের ফলাফল পাওয়া যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১১১৫ ঘ.
bdnews24