মিরানশাহ, পাকিস্তান, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান সীমান্তবর্তী পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান এলাকায় শুক্রবার একটি ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান দিয়ে এ হামলা চালানো হয় বলে সন্দেহ করা হচ্ছে।
পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী পাকিস্তানের আল-কায়েদা অধ্যুষিত এলাকায় এই বছরে যুক্তরাষ্ট্রের চালকবিহীন যুদ্ধবিমান দিয়ে বেশ কয়েকটি হামলা চালানো হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার একই ধরনের একটি হামলায় আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত চারজন নিহত হয়।
শুক্রবারের ক্ষেপণাস্ত্র হামলাটি হয়েছে আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানের গুভরেক এলাকার একটি বাড়িতে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, "এলাকাটির উপর দিয়ে দুটি চালকবিহীন বিমান উড়ে যায়। সেগুলো থেকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।"
এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া, আরেক গোয়েন্দা কর্মকর্তা জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। তবে নিহতদের মধ্যে আল-কায়েদার কোনো ঊর্ধ্বতন নেতা আছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিষয়ে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর-জেনারেল আখতার আব্বাস জানিয়েছেন, তারা হামলার খবরের বিষয়টি খতিয়ে দেখছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭৩৭ ঘ.
bdnews24