ওয়াশিংটন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরাক থেকে পরিমিত পরিমাণ সেনা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে পরামর্শ দিয়েছেন শীর্ষ মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা। তারা ইরাক থেকে আগামী বছরের শুরুতে মাত্র এক ব্রিগেড সেনা প্রত্যাহারের সুপারিশ করেছেন। পেন্টাগনের কয়েকটি সূত্র বৃহস্পতিবার একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের একটি ব্রিগেডে ৩ হাজার থেকে ৫ হাজার সেনা থাকে। বর্তমানে ইরাকে যুক্তরাষ্ট্রের ১৫ টি ব্রিগেড এবং অন্যান্য আরও অনেক ইউনিট আছে। সব মিলিয়ে সেনা সংখ্যা ১৪০,০০০র'ও বেশি।
ইরাক থেকে যুক্তরাষ্ট্র সেনা কমালেই আফগানিস্তানে সেনা বাড়াতে পারবে। আফগানিস্তানে ক্রমবর্ধমান তালেবান ও আল-কায়েদা জঙ্গি তৎপরতা মোকাবেলার জন্য কমাণ্ডাররা বেশি সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের মাত্র ৩৩,০০০ সেনা রয়েছে।
পেন্টাগনের এক মুখপাত্র প্রতিরক্ষা কর্মকর্তাদের সুপারিশমালার বিস্তারিত আলোচনা করতে অস্বীকৃতি জানান। ওদিকে প্রশাসনিক কর্মকর্তারও সতর্ক করে দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট বুশ এ সুপারিশের ভিত্তিতে এখনও কোনও পদক্ষেপ নেওয়ার অনুমতি দেননি।
হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো সাংবাদিকদের বলেছেন, "প্রেসিডেন্ট বুশ এখন বিকল্প পথগুলো ভেবে দেখছেন।"
ইরাকে গত বছর সহিংসতা নাটকীয়ভাবে কমে গেলেও প্রস্তাবিত সেনা প্রত্যাহার বিশ্লেষকরা যেমনটি ধারণা করেছিলেন তার চেয়ে কম হয়েছে।
পেন্টাগনের কয়েকটি সূত্র জানিয়েছে, ইরাকে মার্কিন বাহিনীর কমাণ্ডার জেনারেল ডেভিড পেত্রাউস ব্রিগেডের সংখ্যা ১৫ টি থেকে ১৪ টিতে নামিয়ে আনতে চান। দুটি সূত্র জানায় এই পরিবর্তন আগামী বছরের আগে হবে না।
অন্য একটি সূত্র জানিয়েছে, প্রতিরক্ষা কর্মকর্তারা একটি ব্রিগেড প্রত্যাহারের পাশাপাশি ছোট ছোট অন্য কয়েকটি সেনা ইউনিটও প্রত্যাহারের কথা বলেছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৮ ঘ.
bdnews24