ব্যাংকক, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকার পতনের দাবিতে বিরোধীদের বিক্ষোভ নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে গণভোটের পরিকল্পনা করছে সরকার। পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
বিশ্লেষকরা জানিয়েছেন, সময় ক্ষেপণের কৌশল অবলম্বন করতে এই গণভোটের পরিকল্পনা করা হচ্ছে। তাছাড়া বিক্ষোভ মূলত ব্যাংকক কেন্দ্রিক। ব্যাংককের সুশীল সমাজই এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে। আর থ্যাইল্যান্ডের অধিকাংশ মানুষের বাস গ্রামাঞ্চলে। সেখানে সামাকের জনপ্রিয়তা অনেক।
এক বেতার ভাষণে সামাক জানান, গণভোট আয়োজনের লক্ষ্যে দ্রুত একটি আইন পাস করার জন্য তিনি সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "গণভোটে প্রাচারাভিযানের জন্য মাসাধিককাল সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে সব পক্ষই তাদের কথা জনগণের কাছে তুলে ধরতে পারবে।" একইসঙ্গে তিনি জানান, ব্যাংককে বিক্ষোভকারীরা চাইলে এই সময় পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রাখতে পারে।
বিক্ষোভ দমাতে ব্যাংককে জরুরি অবস্থা জারি করার পর সামাক জানিয়ে দিয়েছেন, তিনি কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না বা আগাম নির্বাচনও দেবেন না। গত মঙ্গলবার থেকে ব্যাংককে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ব্যাবসায়ী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স পর ডেমোক্র্যাসির (পিএডি) বিক্ষোভকারীরা গত দশ দিন ধরে ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে। তারা জানিয়েছে, সামাক পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে।
পিএডি নেতা সোনধি লিমথংকুল সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "সামাক যতক্ষণ না পদত্যাগ করছেন আমরা এখান থেকে নড়ছি না। সেটা যত দিন বা যত বছর লাগুক। এমনকি যদি আগামী প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হয়।"
পিএডি'র আন্দোলনের মুখে ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সরকারের পতন ঘটেছিল। এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী।
এবার পিএডি'র অভিযোগ, প্রধানমন্ত্রী সামাক অনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রক্সি হিসেবে সরকার পরিচালনা করছেন এবং দেশকে প্রজাতন্ত্রে রূপান্তরের চেষ্টা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩৫ ঘ.
bdnews24