সেইন্ট পল, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জন ম্যাককেইন বৃহষ্পতিবার আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হয়েছেন। মিনেসোটা রাজ্যের সেইন্ট পলে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিক এই মনোনয়ন পান তিনি। যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ৭২ বছর বয়সী ম্যাককেইন হবেন দেশটির সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রেসিডেন্ট। (আরও তথ্যসহ)
মার্কিন সেনা হিসেবে ভিয়েতনাম যুদ্ধে লড়াই এবং সেখানে যুদ্ধবন্দি হিসেবে আটক থাকার অভিজ্ঞতা সমৃদ্ধ ম্যাককেইন দীর্ঘদিন ধরে অ্যারিজোনা রাজ্যের সিনেটর হিসেবে দায়ত্বি পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবারই নিজ দলের সঙ্গে মতানৈক্যে জড়িয়ে পড়েন ম্যাককেইন।
এর আগে ২০০০ সালে দল থেকে প্রেসিডেন্ট পদের মনোনয়ন নিয়ে জমজমাট লড়াইয়ে অবতীর্ণ হন এবং বর্তমান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে ওই লড়াইয়ে হেরে যান ম্যাককেইন।
তবে মঙ্গলবার রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে দেওয়া ভাষণে তার এক সময়ের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট বুশ বলেন, "জন ম্যাককেইনের জীবনের গল্প দেশকে ব্যক্তিজীবনের উর্ধ্বে স্থান দিয়ে সেবা করার গল্প।"
বুশ বলেন, "এ জাতিকে নেতৃত্ব দিতে প্রস্তুত তিনি।"
ডেমোক্র্যাট দলের জাতীয় সম্মেলনে বারাক ওবামার আনুষ্ঠানিক মনোনয়ন, অভিজ্ঞ সিনেটর জো বাইডেনকে ওবামার ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেওয়া নিয়ে সরগরম থাকা গণমাধ্যমকে আকস্মিকভাবেই নিজের দিকে ফেরাতে সক্ষম হন ম্যাককেইন।
আলাস্কার গভর্নর সারাহ প্যালিনকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েই এ চমক সৃষ্টি করেন এবং আবার রিপাবলিকান শিবিরের দিকে আমেরিকান ভোটারদের নজর ফেরাতে সক্ষম হন ম্যাককেইন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৩৫ ঘ.
bdnews24