বাকু/মস্কো, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্জিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে উস্কে দেওয়ার জন্য বুধবার ওয়াশিংটনকে অভিযুক্ত করেছে রাশিয়া। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি জর্জিয়াকে সমর্থন দিতে ওই অঞ্চল সফরে যাওয়ার কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের বিরুদ্ধে এ অভিযোগ আনল রাশিয়া।
গত মাসে জর্জিয়ায় সেনা ও ট্যাংক পাঠানোর জন্য রাশিয়ার নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। তবে মস্কো সে নিন্দার জবাবে বলেছে, ওয়াশিংটন তার মিত্র জর্জিয়াকে কথা শোনাতে ব্যর্থ হয়ে সংঘাত বাড়িয়েছে।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট চেনি বুধবার জর্জিয়ার তেল উৎপাদনকারী প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র আজারবাইজান সফরে গেছেন। এ সফরে তিনি জর্জিয়া এবং ইউক্রেনও সফর করবেন।
বুধবার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্দ্রি নেস্তেরনেকো এক সংবাদ সম্মেলনে বলেন, "চেনি সত্যিকারেই জর্জিয়ায় যাওয়ার এবং সেখানে তিনি কীভাবে পরিস্থিতি বিচার করেন তা দেখা পর্যন্ত আমাদের অপেক্ষা করা প্রয়োজন।"
কিন্তু অ্যান্দ্রি আরও বলেন, "যুক্তরাষ্ট্র তিবলিসিকে তার হৃত সেনাশক্তি পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে কোনওভাবেই ওই অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজ করছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮৫৬ ঘ.
bdnews24