টোকিও, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া নতুন করে ইয়ংবিয়ন পরমাণু স্থাপনা চালুর কাজ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের শর্ত উপেক্ষা করে পরমাণু বোমা বানানোর উপযোগী প্লুটোনিয়াম উৎপাদনকারী এই চুল্লি আবার চালু করছে উত্তর কোরিয়া।
জাপানের কিয়োদো সংবাদ সংস্থা বলেছে, পুনর্গঠন কাজ শুরু হয়েছে সোমবার। উত্তর কোরিয়ার ৬-জাতি নিরস্ত্রীকরণ আলোচনা সংশ্লিষ্ট বেইজিং সূত্রের উদ্ধৃতি দিয়ে কিয়োদো একথা জানায়।
২৬ আগস্টে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা সোভিয়েত যুগের পরমাণু স্থাপনা ইয়ংবিয়ন নিস্ক্রিয়করণ বন্ধ করবে। কারণ, যুক্তরাষ্ট্র সাহায্যের বিনিময়ে নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন করছে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী দেশগুলোর তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বিলম্বের কারণেই উত্তর কোরিয়া সম্ভবত এর প্রতিবাদ জানাচ্ছে।
ফক্স পুনর্গঠন কাজের বিস্তারিত কোনও বিবরণ দেয়নি কিংবা উত্তর কোরিয়ার কোনও সূত্রের কথাও উল্লেখ করেনি। এক মার্কিন কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, তারা কিছু সময়ের জন্য হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, "এই হুমকিকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার কর্মকর্তাদের রাগের বহি:প্রকাশ হিসাবেই দেখা হচ্ছে।"
আরেক মার্কিন কর্মকর্তা ফক্স নিউজকে বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু চুল্লি ২/৩ মাসের মধ্যেই আবারও পুরোদমে চালু হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক ছাড় এবং সন্ত্রাসের তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিনিময়ে উত্তর কোরিয়া গত নভেম্বরে প্লুটোনিয়াম উৎপাদনকারী ইয়ংবিয়ন চুল্লি নিস্ক্রিয় করতে শুরু করেছিল।
পরমাণু বিশেষ দের ধারণা, দু বছর আগে পরমাণু বোমা পরীক্ষা চালানো উত্তর কোরিয়া ইতোমধ্যেই ৬ থেকে ৮ টি পরমাণু বোমা তৈরির মতো যথেষ্ট পরিমাণ প্লুটোনিয়াম উৎপাদন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫০ ঘ.
bdnews24