বিহার, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- ভারতের উত্তরাঞ্চলীয় বিহার রাজ্যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধার তৎপরতা জটিল হয়ে পড়েছে এবং পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্র্মকর্তা প্রত্যয় অমৃত বুধবার একথা জানিয়েছেন।
বিবিসি নিউজ ওয়েবসাইটকে অমৃত জানান, সেপাউল এবং মাধেপুরা জেলার "ছয়টি ঝুঁকিপূর্ণ এলাকা" থেকে ৬০-৮০ হাজার লোককে উদ্ধার করতে হবে।
তিনি বলেন, বন্যাকবলিত এলাকাগুলো থেকে সাড়ে ছয় লাখের বেশি লোককে উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, পঞ্চাশ বছরের মধ্যে ভয়াবহ এ বন্যায় এ পর্যন্ত ৯০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
অবশ্য তিনি আরও জানিয়েছেন, বন্যাকবলিত এলাকাগুলোর পানির উচ্চতা "আকস্মিকভাবে" কমে গিয়েছে।
ভয়াবহ এ বন্যার এক সপ্তাহ বাদেও বন্যাকবলিতদের উদ্ধারে ব্যর্থতার জন্য ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে বিহার কর্তৃপক্ষ।
মৌসুমি বৃষ্টিপাতের কারণে গত মাসের শুরুতে প্রতিবেশী দেশ নেপালের কোসি নদীর একটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় বিহারে এ অস্বাভাবিক বন্যা দেখা দিয়েছে। জানা গেছে, মূলত বাঁধ ভাঙ্গার কারণেই বিহারের বন্যাপ্রবণ নয় এমন বিস্তীর্ণ এলাকায় বন্যা হয়েছে। এতে সেখানকার শত শত গ্রাম পানিতে ডুবে গেছে এবং ১ লাখ হেক্টরেরও বেশি কৃষিজমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অমৃত জানিয়েছেন, নৌবাহিনীর সহায়তায় তিন হাজারের বেশি সেনা বন্যায় আটকেপড়াদের অধিকাংশ লোককে উদ্ধার করেছে। তিনি বলেন, "আগামী দুই দিনের মধ্যে আমরা উদ্ধার তৎপরতা সম্পন্ন করতে চাই।"
সেপাউল ও মাধেপুরা জেলার সবচেয়ে বেশি প্লাবিত এলাকার কথা উল্লেখ করে তিনি বলেন, "উদ্ধার তৎপরতার সবচেয়ে জটিল ধাপ এটি। কারণ এই এলাকাগুলোই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।"
অমৃত জানিয়েছেন, পৌনে তিন লাখের বেশি বন্যাদুর্গত মানুষ সেপাউল, মাধেপুরা, সাহারসা ও আরারিয়া জেলার আড়াইশ'র বেশি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে।
ওদিকে জনাকীর্ণ ও অস্বাস্থ্যকর আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি ত্রাণ সামগ্রীর স্বল্পতার কারণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। কিছু আশ্রয় শিবিরে বন্যাদুর্গতরা লুটপাট চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে।
রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্র্মকর্তা অমৃতও এ সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, "ত্রাণ সামগ্রীর চাহিদা এবং যোগানের মধ্য ফারাক রয়েছে। আমরা এ ফারাক পূরণের চেষ্টা করছি।
ধারণা করা হচ্ছে, আগামী দিনগুলোয় আশ্রয় শিবিরগুলোতে বন্যাকবলিতদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। আর এমন হলে অস্বাস্থ্যকর সেসব আশ্রয় শিবিরে কলেরার মতো রোগের প্রাদুর্ভাব হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪৫৭ ঘ.
bdnews24