২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার ঘোষণা দিল টাটা

অব্যাহত আন্দোলনের মুখে পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাণকারী ভারতের বৃহত্তম প্রতিষ্ঠান টাটা মটরস। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 05:40 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

কলকাতা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়ার্ট)- অব্যাহত আন্দোলনের মুখে পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাণকারী ভারতের বৃহত্তম প্রতিষ্ঠান টাটা মটরস। মঙ্গলবার প্রতিষ্ঠানটি এই ঘোষণা দিয়েছে। বিশ্বের সবচেয়ে কমদামি গাড়ি তৈরির জন্য এক হাজার একর জমি অধিগ্রহণ করে সিঙ্গুরে কারখানা স্থাপন করছিল টাটা। ন্যানো নামের এই গাড়ি আগামী অক্টোবর মাসের মধ্যে বাজারে ছাড়ার পরিকল্পনা করছিল কোম্পানিটি। টাটা জানিয়েছে, শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন তারা যন্ত্রপাতি সমেত কারখানা অন্যত্র সরিয়ে নেওয়া চিন্তাভাবনা করছে। টাটার চেয়ারম্যান রতন টাটা গত মাসে জানিয়েছিলেন, প্রকল্পে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়ে যাওয়া সত্ত্বেও আন্দোলন-প্রতিবাদ অব্যাহত থাকলে তিনি কারখানা সিঙ্গুর থেকে অন্যত্র সরিয়ে নিতে প্রস্তুত। আন্দোলনের একপর্যায়ে মঙ্গলবার আলোচনায় বসতে রাজি হয় বিক্ষোভকারীরা। এতে বিশ্বের সবচেয়ে সস্তা গাড়িটি সময়মত বাজারে আসার সম্ভাবনা জেগে ওঠে। এই আলোচনা প্রস্তাবের ফলে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া তৃণমূল কংগ্রেস আন্দোলনে তাদের অবস্থান থেকে কিছুটা সরে আসে বলে মনে হচ্ছিল। পশ্চিমবঙ্গের প্রধান বিরোধীদল তৃণমূল জানিয়েছে, যে সব জমি কৃষকরা ছাড়তে রাজি নয় সেখান থেকে কারখানার অংশ অন্যত্র সরিয়ে নিতে হবে। বিক্ষোভকারীদের আন্দোলনের কারণে কয়েক মাস ধরে ন্যানো কারখানায় কাজে কিছুটা ধীর গতির সৃষ্টি হয়। দূর্গাপূজাসহ ভারতের উৎসব মৌসুম আগামী অক্টোবরে মাত্র দুই হাজার তিনশ' ডলার (এক লাখ রুপি) মূল্যে ন্যানো গাড়ি বাজারে ছাড়ার পরিকল্পনা করে আসছিল টাটা। এর আগে তৃণমূলের শীর্ষ নেতা পার্থ চট্টোপাধ্যায় রয়টার্সকে বলেন, "আলোচনার পথ এখনো খোলা। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে।" টাটার ন্যানো গাড়ি কারখানা তৈরির জন্য কৃষকের কাছ থেকে এক হাজার একরের বেশি কৃষিজমি অধিগ্রহণ করে সরকার। সরকার এজন্য কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে। তবে অনেক প্রান্তিক কৃষক অভিযোগ করেন, জমি হারিয়ে তাদের যে ক্ষতি হয়েছে তারা তুলনায় এই ক্ষতিপূরণ সামান্য। প্রায় চারশ' একর জমি এখন কৃষকরা ফেরত চাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১২০ ঘ.