ইসলামাবাদ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলায় নতুন করে ব্যবস্থা নিতে মঙ্গলবার আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন কৌসুলি জুলফিকার ভুট্টো।
১৯৯৯ সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশাররফের এক রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন নওয়া শরীফ। এর পর তাকে বিদেশে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। গত অক্টোবরে তিনি দেশে ফেরেন। এরপর গত ফেব্র"য়ারিতে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় স্থান দখল করে তার দল পাকিস্তান মুসলিম লীগ- এন।
প্রেসিডেন্ট মুশাররফের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দেন নওয়াজ শরীফ। কিন্তু মুশাররফের আমলে পদচ্যুত বিচারকরদের পুনর্নিয়োগ ও মুশাররফের বিচার ইস্যুতে মতপার্থক্যের কারণে গত মাসের শেষের দিকে সরকার থেকে বেরিয়ে যায় নওয়াজের দল।
নওয়াজ শরীফ জানিয়ছেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে যে সব দুর্নীতি মামলা করা হয়েছে তার সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
কিন্তু পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা 'ন্যাশনাল অ্যাকাউন্টটেবিলিটি ব্যুরো'র কৌসৃুলি জুলফিকার ভুট্টো জানান, নওয়াজের বিরুদ্ধে দায়ের করা তিনটি দুর্নীতি মামলায় গত ২১ আগস্টের রায় পুনপর্যালোচনার জন্য তিনি আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন।
জুলফিকার রয়টার্সকে বলেন, "সিদ্ধান্ত পুনঃপর্যালোচনার জন্য এবং শুনানির নির্দিষ্ট দিন ধার্য করার জন্য আমরা আদালতের প্রতি আহ্বান জানিয়েছি।"
এ বিষয়ে মন্তব্য করার জন্য নওয়াজের আইনজীবীদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে নওয়াজের দলের এক মুখপাত্র জানিয়েছেন, এই পদক্ষেপে তিনি বিস্মিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫০ ঘ.
bdnews24