ব্যাংকক, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের কার্যালয় অবরোধের সপ্তম দিনে সোমবার প্রথম প্রহরে একটি পুলিশ বুথের কাছে একটি ছোট বোমা বিস্ফোরণের পর সেখানে সহিংসতার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সরকার এবং বিরোধী বিক্ষোভকারীরা নিজ নিজ অবস্থানে অনড় থাকায় অচলাবস্থার কোনো সুরাহা হয়নি।
উর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, রোববার দিবাগত রাতে স্থানীয় সময় ১টার কিছু পরে (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিক্ষোভকারীদের অবস্থানের নিকটবর্তী একটি পুলিশ বুথের কাছে ওই ছোট বোমাটি বিস্ফোরিত হয়। এতে পুলিশ বুথের কাঁচের জানালা ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি।
এ ঘটনাকে বিরোধী জোট পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি বা পিএডি'র বিক্ষোভের ধরন পরিবর্তনের ইঙ্গিত বলে উল্লেখ করেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি কর্মকর্তা।
তিনি বলেন, "পিএডি আমাদের সঙ্গে একটি গেরিলা যুদ্ধ শুরু করেছে"।
পুলিশও এ বিষয়ে একইরকম মত দিয়েছে। জাতীয় পুলিশের মুখপাত্র সুরাপল থুয়ানথং বলেছেন, "তারা দেখাতে চাচ্ছে যে সরকার ও পুলিশ জনগণকে রক্ষা করার মতো যথেষ্ট সবল নয়।" তিনি আরও বলেন, "আমরা আগেই ভেবেছিলাম যে এমন কিছু একটা ঘটতে পারে।"
পিএডি'র এক মুখপাত্র এ বোমা বিস্ফোরণের দায় অস্বীকার করেছেন এবং বলেছেন, "আমাদের এমন করার কোনো কারণ নেই। কেননা, এতে বিক্ষোভকারীরা ভয় পেয়ে যেতে পারে এবং তাতে আরও নতুন বিক্ষোভকারীর যোগ দেওয়ার সম্ভাবনা কমে যাবে। বোমা পেতে না রেখেই গণ অসহযোগের মতো আরও অনেক পথ খোলা রয়েছে আমাদের জন্য।"
এর আগে, প্রায় ২,০০০ বিক্ষোভকারী শুক্রবার পুলিশ সদর দপ্তরে হামলা চালাতে গেলে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং রাবার বুলেট ছোঁড়ে। বিক্ষোভকারীরা একইদিনে তিনটি স্থানীয় বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে সক্ষম হয়। অবশ্য সেদিনই সেগুলো পুনরায় খুলে দেয় কর্তৃপক্ষ।
ওদিকে, পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল থেকে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজ বলেছেন, "আমি ভীত নই, কিন্তু দেশে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে চিন্তিত।"
তিনি বলেন, "কোনো পদক্ষেপ না নিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য গভর্নমেন্ট হাউস অবরুদ্ধ করে রাখতে দিতে পারি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24