২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুইজিয়ানা উপকূলে আঘাত হেনেছে হারিকেন গুস্তাভ

প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিসহ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে মেক্সিকো উপসাগরের ভয়াবহ হারিকেন গুস্তাভ। ঝড়ো হাওয়া এবং বৃষ্টির ঝাপটা লাগছে নিউ অরলিন্সেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

নিউ অরলিন্স, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিসহ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে মেক্সিকো উপসাগরের ভয়াবহ হারিকেন গুস্তাভ। ঝড়ো হাওয়া এবং বৃষ্টির ঝাপটা লাগছে নিউ অরলিন্সেও। ফলে বড় ধরনের হুমকির মুখে পড়েছে রাজ্যের বৃহত্তম এবং যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দরনগরী। উপকূলীয় এই নগরীটি ২০০৫ সালের ২৯ আগস্টে আঘাত হানা প্রলয়ঙ্করী ঝড় ক্যাটরিনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। গুস্তাভের কবল থেকে বাঁচতে রোববারের মধ্যেই লুইজিয়ানার উপকূলীয় এলাকাগুলো ছেড়ে নিরাপদে চলে গেছেন প্রায় ২০ লাখ মানুষ। তবে লুইজিয়ানা উপকূলে আঘাত হানার পর গুস্তাভ কিছুটা দুর্বল হয়ে পড়েছে এবং এটি পশ্চিমের দিকে সরে যেতে পারে বলে মনে করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে গুস্তাভে বাতাসের গতিবেগ এখন ঘন্টায় প্রায় ১১০ মাইল। ক্যাটাগরি ৩ মাত্রা থেকে ক্যাটাগরি ২ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে হারিকেন গুস্তাভ। ঝড়টির অবস্থান নিউ অরলিন্সের ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। গুস্তাভের কারণে নিরাপদে সরে যাওয়ার সতর্কবাণী উপেক্ষা করে নিউ অরলিন্সে এখনও অবস্থান করছে ১০ হাজার লোক। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গুস্তাভে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে ফ্লোরিডায়। এছাড়া লুইজিয়ানার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় হাসপাতালে আরও তিনজন মারা গেছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর জিন্দাল। এর আগে গত সপ্তাহে হারিকেন গুস্তাভের আঘাতে ক্যারিবীয় অঞ্চলে ৮৬ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হাইতি, ডোমিনিকান রিপাবলিক ও জ্যামাইকায়। এরপর গুস্তাভ গত শনিবার ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ভারী বর্ষণসহ কিউবার পশ্চিমাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালায়। তবে কিউবায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে, এ ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় ১৪ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। এমন হলে তিন বছর আগে ক্যাটরিনার আঘাতে শহররক্ষা বাঁধ ভেঙে নিউ অরলিন্সে যে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়েছিল এবারও তা হতে পারে। সেবারকার জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গিয়েছিল নগরীটির ৮০ শতাংশ এলাকা। নিউ অরলিন্সের মেয়র রাই নাগিন গুস্তাভকে 'সকল ঝড়ের মাতা' অভিহিত করে গত শনিবারেই শহরের প্রায় আড়াই লাখ অধিবাসীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ৫টি রাজ্যের এক কোটি ১৫ লাখের বেশি মানুষ গুস্তাভের আঘাত টের পাবেন। ওদিকে, গুস্তাভের কারণে উপসাগরীয় এলাকার প্রায় সব তেল কোম্পানি উত্তোলন ও শোধন কার্যক্রম বন্ধ রেখেছে। এতে করে রোববার যুক্তরাষ্ট্রের বাজারে অশোধিত তেলের দাম প্রায় ৩ ডলার বেড়ে ১১৮ ডলারের বেশিতে উন্নীত হয়। ক্যাটরিনার আঘাতে মেক্সিকো উপসাগরীয় এলাকায় শতাধিক তেল প্লাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, গুস্তাভের আঘাতে এবার সেখানে আরও বেশি ক্ষয়ক্ষতি হতে পারে। হারিকেন গুস্তাভের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনেও। সংক্ষিপ্ত করা হয়েছে সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানের কর্মসূচি। প্রসঙ্গত রিপাবলিকান দলের ১ থেকে ৪ সেপ্টেম্বরের এ জাতীয় সম্মেলনে জন ম্যাককেইনকে আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামার বিরুদ্ধে লড়তে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়া হবে। বিবিসি সূত্রে জানা গেছে, ত্রাণ ও জরুরি উদ্ধার কাজ পর্যবেক্ষণের জন্য সোমবার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের টেক্সাস সফরের কথা রয়েছে। তিন বছর আগে হ্যারিকেন ক্যাটরিনার আঘাতে যুক্তরাষ্ট্রের পাঁচটি অঙ্গরাজ্যে ১,৫০০ মানুষের প্রাণহানি এবং ৮০ বিলিয়ন ডলারের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে ওঠার আগেই নতুন হ্যারিকেনের আঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৮৫১ ঘ.