ব্যাংকক, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকার পতনের দাবিতে বিরোধীদের অব্যাহত আন্দোলনের মুখে রোববার রাজপথে নেমেছে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের সমর্থকরা। অন্যদিকে, রাজপথে বিরোধীদের বিক্ষোভ নিয়ে পার্লামেন্টে শুরু হয়েছে বিশেষ বিতর্ক।
এক হাজারের বেশি সরকার সমর্থক মিছিল নিয়ে পার্লামেন্টের দিকে যায়। তবে যে এলাকায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে সরকার সমর্থকরা ওই এলাকা এড়িয়ে যায়।
সামাকের পদত্যাগ দাবিতে বিরোধী পিপলস্ অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসির (পিএডি) নেতৃত্বে বিক্ষোভকারীরা গত মঙ্গলবার থেকে রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছে। তারা জানিয়েছে, সামাক পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চলবে।
ব্যাবসায়ী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের নেতৃত্বাধীন পিএডি'র আন্দোলনের মুখে ২০০৬ সালে প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা সরকারের পতন ঘটেছিল। এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী।
এবার পিএডি'র অভিযোগ, প্রধানমন্ত্রী সামাক অনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রক্সি হিসেবে সরকার পরিচালনা করছেন এবং দেশকে প্রজাতন্ত্রে রুপান্তরের চেষ্টা করছেন।
প্রধানমন্ত্রী সামাক শনিবার জানিয়েছেন, বিরোধীদের দাবি বা হুমকির মুখে তিনি পদত্যাগ করবেন না। তবে তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।
সাপ্তাহিক বেতার ভাষণে তিনি বলেন, "আমি ভয় পাচ্ছি না, তবে জাতি যে বিশৃঙ্খলার মধ্যে পড়েছে তা নিয়ে উদ্বিগ্ন। তারা গভর্নমেন্ট হাউস (প্রধানমন্ত্রীর কার্যালয়) অবরোধ করে রেখেছে। এটা চলতে পারে না। আমরা ব্যবস্থা না নিয়ে পারি না।"
গত শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, "জনগণের রায় নিয়ে আমি ক্ষমতায় এসেছি। কাজেই আইন মোতাবেক আমি ক্ষমতা ছাড়ব। কেউ চাইলে বা কারও হুমকির মুখে নয়।"
তবে রাজা ভূমিবলের সঙ্গে গত শনিবারে তার বৈঠকের বিষয়ে সামাক বিস্তারিত কিছু বলেননি। থাইল্যান্ডে রাজা ভূমিবল প্রভূত ক্ষমতা ভোগ করেন। রাজনীতি ও সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে তার সিদ্ধান্তই চূড়ান্ত। অতীতে এ ধরনের রাজনৈতিক বিবাদের সময় তিনি হস্তক্ষেপ করেছেন।
পিএডি দাবি করেছে, তারা রাজার ক্ষমতার রক্ষাকর্তা। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন যখন দেশকে প্রজাতন্ত্রে রুপান্তরের পরিকল্পনা করছিলেন তখনও তারা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
বিক্ষোভকারীরা শুক্রবার ব্যাংককে পুলিশ সদরদপ্তরে হামলা চালায়। বিক্ষোভের মুখে শুক্রবার ফুকেট বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার। এছাড়া রেল চলাচলও ব্যহত হচ্ছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সারাদেশে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪০ ঘ.
bdnews24