দুবাই, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) - সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতে সোমবার পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এ অঞ্চলের ধর্মপ্রাণ মুসলিমরা সোমবার থেকে রোজা রাখা শুরু করবেন। স্থানীয় সরকারি গণমাধ্যমগুলো রোববার একথা জানিয়েছে।
সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উর্ধ্বতন ধর্মীয় কাউন্সিলগুলোর যৌথ বৈঠকে সোমবার থেকে রোজা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ধর্মীয় নেতৃবৃন্দ জানান, যেহেতু শনিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়নি, তাই রোববারই হল শাবান মাসের শেষ দিন।
ইসলামী বর্ষপঞ্জী অনুসারে সন্ধ্যায় নতুন চাঁদের মধ্য দিয়ে তারিখ পরিবর্তন হয়। রীতি অনুযায়ী খালি চোখে আকাশে চাঁদ দেখার মাধ্যমে রমজানের আগমন ঘোষণা করা হয়।
বিশ্বের প্রায় ১শ' কোটিরও বেশি মুসলমানের কাছে রমজান মাস সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬২২ ঘ.
bdnews24