নিউ অরলিন্স, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস) - কিউবা পাড়ি দিয়ে মেক্সিকো উপসাগরে অবস্থান নিয়ে দুর্বল হয়ে পড়েছে হারিকেন গুস্তাভ। ৪ মাত্রার মারাত্মক এই হারিকেন পরিণত হয়েছে ক্যাটাগরি ৩ মাত্রার হারিকেনে। কিউবার ওপর দিয়ে বয়ে আসা এ ঝড়ের গতি অপ্রত্যাশিতরকম কমে গেছে বলে মন্তব্য করেছেন আবহাওয়াবিদরা।
গুস্তাভের বাতাসের গতি ঘন্টায় ১২৫ মাইলে নেমে এসেছে বলে জানিয়েছেন তারা। এর আগে শনিবার ঘন্টায় ২৪০ কিলোমিটার বেগে প্রবল বাতাস আর ভারী বর্ষণে কিউবার পশ্চিমাঞ্চলে ধ্বংসযজ্ঞ চালিয়ে মেক্সিকো উপসাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যায় গুস্তাভ। এটি প্রবল বেগে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মেক্সিকো উপসাগরের উষ্ণ জলরাশি পাড়ি দিতে গিয়ে ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি ৫ মাত্রার প্রলয়ঙ্করী হ্যারিকেনে রূপ নিতে পারে। সেক্ষত্রে এর বাতাসের গতিবেগ দাঁড়াবে ঘন্টায় ২৪৯ কিলোমিটার পর্যন্ত। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা একথা জানিয়েছেন।
নিউ অরলিন্সে ২০০৫ সালের ২৯ আগস্ট প্রলয়ঙ্করী হ্যারিকেন ক্যাটরিনায় ১,৫০০ মানুষের মৃত্যু আর ৮ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতির দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে পারার আগেই নতুন হ্যারিকেনের আঘাতের আশঙ্কা বিরাজ করছে সেখানে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নগরীর বিভিন্ন স্থানের বাসিন্দাদের রোববার সকাল থেকে বাড়িঘড় ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১১৫০ ঘ.
bdnews24