হারারে, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এবং বিরোধী নেতা মর্গান স্যাঙ্গেরাই যৌথভাবে মন্ত্রিপরিষদে সভাপতিত্ব করবেন- বিরোধীদের এমন প্রস্তাবে বাধার মুখে পড়েছে জিম্বাবুয়ের ক্ষমতা ভাগাভাগির আলোচনা। জিম্বাবুয়ের রাষ্ট্র পরিচালিত একটি পত্রিকা শনিবার একথা জানিয়েছে।
জিম্বাবুয়ের সরকার ও বিরোধীদের মধ্যে আলোচনা গত শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকায় নতুন করে শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির সঙ্গে পৃথকভাবে সাক্ষাত করেছেন মুগাবের ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি ও বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) এর নেতারা। এ সময় এমডিসি এই প্রস্তাব দেয়।
জিম্বাবুয়ের রাষ্ট্র পরিচালিত হেরাল্ড পত্রিকা লিখেছে, "এমডিসি প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট মুগাবে ও স্যাঙ্গেরাই যৌথভাবে মন্ত্রিপরিষদে সভাপতিত্ব করবেন। কিন্তু এই উদ্ভট প্রস্তাব প্রত্যাখান করেছে জানু-পিএফ পার্টি। কেননা তাদের মতে এভাবে সরকার পরিচালনা সম্ভব নয়।"
এর আগে জানু-পিএফ পার্টি জানিয়েছিল নতুন করে আলোচনার আর কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচনের পর এক মাসেরও বেশি সময় ধরে আলোচনায় কোনো মিমাংসায় পৌঁছাতে পারেননি রবার্ট মুগাবে ও মর্গান স্যাঙ্গেরাই।
দক্ষিণ আফ্রিকার উপ-পররাষ্ট্রমন্ত্রী আজিজ পাহাদ গত শুক্রবার জানান, নতুন করে শুরু হওয়া আলোচনায় জিম্বাবুয়ের সকল পক্ষই অংশ নেবে। যদিও চুক্তিতে পৌঁছানোর জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, "আমরা আশা করছি এই আলোচনায় বিতর্কিত সকল বিষয়ের সুরাহা করা সম্ভব হবে। যার মাধ্যমে জিম্বাবুয়ের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।"
এর আগে হেরাল্ড পত্রিকা জানায়, বিচারমন্ত্রী প্যাট্রিক সিনামাশা বলেছেন, "যেহেতু একটি সমঝোতা ইতিমধ্যে হয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত চুক্তির জন্য কাজ চলছে কাজেই নতুন করে আলোচনা শুরু করার কোনো প্রয়োজন নেই।"
তবে এমডিসি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না। যদিও তারা আরও আলোচনায় প্রস্তুত আছে।
এমডিসির মুখপাত্র নেলসন চামিসা বলেন, "এটা খুবই হাস্যকার যে ক্ষমতা ভাগাভাগির প্রধান ইস্যুতে মতৈক্য না হওয়া সত্ত্বেও জানু-পিএফ চুক্তিতে স্যাঙ্গেরাইয়ের স্বাক্ষর আশা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪৫ ঘ.
bdnews24