ব্যাংকক, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে সরকার পতনের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা শুক্রবার ব্যাংককে পুলিশ সদরদপ্তরে হামলা চালিয়েছে।
প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের পদত্যাগ দাবিতে বিক্ষোভ আরও জোরদার করেছে বিরোধীরা। এই অবস্থায় শুক্রবার ফুকেট বিমানবন্দর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সরকার। এছাড়া রেল চলাচলও ব্যহত হচ্ছে।
ব্যাংকক থেকে রয়টার্সের এক সাংবাদিক জানিয়েছেন, প্রায় দুই হাজার বিক্ষোভকারী ব্যাংককে পুলিশ সদরদপ্তরে হামলা চালায়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।
ব্যাংককে বিক্ষোভকারীরা গত মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রেখেছেন। এখন বিক্ষোভ দেশের অন্যান্য জায়গায়ও ছড়িয়ে পড়ছে।
সরকারের দুটি পৃথক সূত্র শুক্রবার জানিয়েছে, প্রধানমন্ত্রী সামাক এর কিছু পরামর্শক এখন তাকে দেশে জরুরি অবস্থা জারির পরামর্শ দিচ্ছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানান, "প্রধানমন্ত্রীকে এখন জরুরি অবস্থা জারির প্রস্তাব দেওয়া হচ্ছে।"
সূত্র জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করার জন্য সামাক এর আগে শীর্ষ সামরিক ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।
বিক্ষোভকারী পিপলস্ অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসি (পিএডি) অভিযোগ করে আসছে প্রধানমন্ত্রী সামাক অনৈতিকভাবে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রক্সি হিসেবে সরকার পরিচালনা করছেন এবং দেশকে প্রজাতন্ত্রে রুপান্তরের চেষ্টা করছেন।
জরুরি অবস্থা জারি করা হলে সেনাবাহিনী বিক্ষোভকারীদের হটিয়ে দিতে পারবে। তবে সেনাপ্রধান আনুপং পাওচিন্দা জানিয়েছেন, পরিস্থিতি এখনো সে পর্যায়ে পৌঁছেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪০ ঘ.
bdnews24