২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ার পার্লামেন্টে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান

রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বৃহস্পতিবার একটি প্রস্তাবনা পাস করেছে জর্জিয়ার পার্লামেন্ট। মস্কো জর্জিয়ার দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে তিবলিসি পার্লামেন্ট এই পদক্ষেপ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2008, 08:26 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

তিবলিসি, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বৃহস্পতিবার একটি প্রস্তাবনা পাস করেছে জর্জিয়ার পার্লামেন্ট। মস্কো জর্জিয়ার দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন দেশের স্বীকৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে তিবলিসি পার্লামেন্ট এই পদক্ষেপ নিয়েছে। ১০৬ ভোটে পাস হওয়া ওই প্রস্তাবনায় রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাসহ জর্জিয়ায় রুশ সেনা উপস্থিতিকে 'অবৈধ' এবং 'দখলদার বাহিনী' আখ্যা দেওয়ার জন্য প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি সরকারকে আহ্বান জানানো হয়েছে। এতে আরও বলা হয়, "সরকারের উচিত দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়াকে রাশিয়ার দখলদারিত্বাধীন অঞ্চল ঘোষণা করা।" জর্জিয়া এ মাসে বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ওসেটিয়ায় হামলা চালালে রাশিয়া বাহিনী এর পাল্টা হামলায় এগিয়ে আসার পর থেকেই উভয়পক্ষে সংঘাতের শুরু। রাশিয়া জর্জিয়া থেকে সেনা সরিয়ে নিলেও এখনও জর্জিয়ার কিছু কিছু জায়গায় সেনা রেখে দিয়েছে। উপরন্তু তারা বিচ্ছিন্নতাবাদী দু'অঞ্চল দক্ষিণ ওসেটিয়া এবং আবখাজিয়াকে স্বাধীন দেশের স্বীকৃতিও দিয়েছে। তিবলিসি বুধবার বলেছে, তারা মস্কোয় তাদের দূতাবাস থেকে দুজন বাদে সব কূটনীতিককে প্রত্যাহার করে নিচ্ছে। এর আগে জর্জিয়া জুলাইয়েই তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। রাশিয়া জর্জিয়ার আকাশে জঙ্গি বিমান পাঠানোর পর তিবলিসি এ পদক্ষেপ নেয়। কিন্তু বুধবার রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে জর্জিয়ার প্রেসিডেন্ট সাকাশভিলি সাবেক সোভিয়েত প্রভূ রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, "রাশিয়ার সঙ্গে জর্জিয়ার সম্পর্ক এখন দ্বিপাক্ষিকতার উর্ধ্বে উঠে গেছে। তাই এ মুহূর্তে দ্বিপক্ষীয় সম্পর্কের পদ্ধতিগত দিকটিতে আমি বেশি দৃষ্টি দেব না।" তিনি আরও বলেন, "বাস্তবতা হচ্ছে এই যে, সম্পর্ক ছিন্ন করাটা মূলত প্রতীকী ব্যাপার হবে। কারণ রাশিয়া ও জর্জিয়ার মধ্যে সংলাপই নেই। তারা কখনওই আমাদেরকে পাত্তা দেয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১৮ ঘ.