২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারের পতন ঠেকানোর পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র-জাপান-ইউরোপ

ডলারের দরপতন ঠেকাতে যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপ গত মার্চে যৌথ পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছিল। ব্যবসা-বাণিজ্য বিষয়ক পত্রিকা 'নিকি' বৃহস্পতিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

টোকিও, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডলারের দরপতন ঠেকাতে যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপ গত মার্চে যৌথ পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছিল। ব্যবসা-বাণিজ্য বিষয়ক পত্রিকা 'নিকি' বৃহস্পতিবার একথা জানিয়েছে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে নিকি জানিয়েছে, ডলারের মূল্যহ্রাস নিয়ে ১৫ ও ১৬ মার্চে মার্কিন ট্রেজারী বিভাগ, জাপানের অর্থমন্ত্রণালয় এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা দফায় দফায় আলোচনা করেন। ওই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক অর্থবাজারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের বৈদেশিক মূদ্রা বিনিময় কর্তৃপক্ষ ওই সময় নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগ রেখেছিল এবং ডলারের মূল্যপতন আরও বৃদ্ধি পেলে সেক্ষেত্রে যৌথ পদক্ষেপ গ্রহণ নিয়েও আলোচনা করেছিল। তবে বিশ্লেষকরা বলছেন, ওই ধরনের যৌথ পদক্ষেপ এ পর্যন্ত প্রয়োজন না হলেও ভবিষ্যতে যদি আবারও ডলারের এ মূল্যপতন ঘটে তখন তা রোধ করতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পত্রিকাটি জানিয়েছে, ডলারের পতন রোধ করতে কি ধরনের পদক্ষেপের কথা ভাবা হয়েছিল সে সম্পর্কে সূত্র নিশ্চিত করে কিছু না বললেও ডলার, ইয়েন ও ইউরো কেনাবেচায় তারা সমন্বয় করতে রাজি হয়েছিল। দাইওয়া সিকিউরিটিস এসএমবিসি'র বৈদেশিক বিনিময় বিশেষজ্ঞ তাকাহাইদ নাগাসাকি বলেন, "এখন থেকে ডলারের পতনের কোনো ঝুঁকি সৃষ্টি হলে, মুদ্রাবাজার নিশ্চয়ই এ ধরনের পদক্ষেপের বিষয়টি মাথায় রাখবে।" নিকির এই প্রতিবেদনের ফলে এই মুহূর্তে মূদ্রবাজারে তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ গত মার্চের রেকর্ড পরিমাণ পতন থেকে ডলার ইতিমধ্যে ভাল অবস্থানে ফিরে এসেছে। তবে ব্যাংক অব আমেরিকার জাপানি অর্থনীতি বিষয়ক প্রধান তমোকো ফুজি বলেন, "ডলার যখন একশ ইয়েনে বিক্রি হচ্ছিল সেই সময় এই খবর প্রকাশ পেলে মুদ্রাবাজারে তার বড় ধরনের প্রভাব পড়ত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৩০ ঘ.