নিউ ইয়র্ক, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী নির্বাচিত হয়েছেন। ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত ২০০৮ সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান ১০০ নারীর তালিকায় সবার শীর্ষে আছেন তিনি। টানা তৃতীয় বছরের মতো এ তালিকার শীর্ষ স্থান অধিকার করলেন ম্যারকেল।
ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী ফোর্বস ম্যাগাজিনের ক্ষমতাবান নারীর এ তালিকায় ২১ নম্বরে রয়েছেন।
ক্যারিয়ার, অর্থনীতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা এবং গণমাধ্যমে উপস্থিতির বিবেচনায় এ তালিকা প্রণয়ন করেছে ফোর্বস ম্যাগাজিন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনসিওরেন্স কর্পোরেশনের প্রধান শেইলা বেয়ার ফোর্বসের ওই তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। প্রথমবারের মতো এই তালিকায় দ্বিতীয় স্থানে আসলেন তিনি। যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে তার ভূমিকার কারণেই এ বছর ভীষণভাবে আলোচিত হন তিনি।
এ তালিকায় সপ্তম স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী কণ্ডোলিৎসা রাইস। গতবার তিনি ছিলেন চতুর্থ স্থানে। এ তিনজন ছাড়া তালিকায় প্রথম দশজনের মধ্যে আর কোনো সরকারি কর্মকর্তা নেই।
এছাড়া, সবচেয়ে ক্ষমতাবান নারীদের তালিকায় প্রথম দশজনের মধ্যে রয়েছেন, পেপসিকো, ওয়েলপয়েন্ট, অ্যাঙ্গলো আমেরিকান, ক্রাফট ফুডস, তেমাসেক হোল্ডিংস এবং আরিভা এন্ড জেরক্স কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে কর্মরত নারীরা।
ফোর্বসের এ তালিকায় আরও রয়েছেন ৫৪জন ব্যবসায়ী এবং ২৩জন রাজনীতিবিদ। এ তালিকায় থাকা ৫৫জন নারীই যুক্তরাষ্ট্রের বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬১২ ঘ.
bdnews24