২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগরে আফ্রিকার ৭০ অভিবাসন প্রার্থীর মৃত্যুর আশঙ্কা

অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে সোমবার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আফ্রিকার প্রায় ৭০জন অভিবাসন প্রার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার মাল্টা প্রতিনিধি বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 07:52 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ভালেটা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে সোমবার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আফ্রিকার প্রায় ৭০জন অভিবাসন প্রার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার মাল্টা প্রতিনিধি বুধবার একথা জানিয়েছেন। জাতিসংঘ শরণার্থী হাই কমিশন (ইউএনএইচসিআর) এর মাল্টা প্রতিনিধি নেইল ফালজন বলেন, আফ্রিকার এই বাসিন্দারা একটি রাবারের ডিঙ্গি নৌকাতে করে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। ভূমধ্যসাগরের মাঝামাঝি এলে তাদের নৌকাটি ডুবে যায়। ডিঙ্গিতে মোট ৭৮ জন অভিবাসন প্রার্থী ছিল। তাদের মধ্যে আটজনকে মাল্টা থেকে ৫৫ মাইল দক্ষিণে সমুদ্র থেকে উদ্ধার করেছে মাল্টার একটি জেলে নৌকার নাবিকরা। ফালজন জানান, উদ্ধারকৃত অভিবাসন প্রার্থীদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বৃহস্পতিবার তারা লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করে। তবে হঠাৎ তাদের ডিঙ্গিতে পানি ওঠা শুরু করে এবং সোমবার তা ডুবে যায় বলে জানিয়েছে তারা। মাল্টার জেলেরা বুধবার সকালে ওই আটজনকে অর্ধেক ডুবে যাওয়া ডিঙ্গি থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত অভিবাসন প্রর্থীরা টোগো ও ঘানার নাগরিক বলে জানিয়েছেন ফালজন। তবে নিখোঁজদের মধ্যে সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিকও রয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও বুধবার মাল্টার একটি সামরিক বিমান নিখোঁজ অভিবাসন প্রার্থীদের সন্ধান চালিয়েছে। তবে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওদিকে, 'টাইমস অফ মাল্টা' তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানিয়েছে মাল্টায় অবস্থানকারী জার্মানির একটি হেলিকপ্টার বুধবার বিকালে টহলের সময় অভিবাসন প্রার্থীদের উদ্ধারস্থলের কাছে তিনটি লাশ দেখতে পেয়েছে। এ বছর আফ্রিকার প্রায় ২,০০০ বাসিন্দা ইউরোপে অভিবাসনের লক্ষ্যে মাল্টায় পাড়ি জমিয়েছে। এ সংখ্যা গত বছরের প্রায় দ্বিগুণ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকার অভিবাসন প্রার্থীদের নিখোঁজ হওয়া কিংবা মৃত্যুর ঘটনা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪২ ঘ.