ইসলামাবাদ, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বান্নু শহরের কাছে বৃহস্পতিবার একটি পুলিশ বাসে গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। নিহতদের নয়জনই পুলিশ সদস্য। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পুলিশ জানায়, আফগান সীমান্তবর্তী বান্নু শহরের কাছে একটি সেতু পার হওয়ার সময় পুলিশ বাসটির কাছে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয় উপপুলিশ প্রধান মাসুদ আফ্রিদি বলেন, "গাড়িটি কয়েদিদের আনতে যাচ্ছিল। সেতুর ওপর এলে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। এতে আমদের ৯ জন পুলিশ সদস্য এবং ২ জন পথচারী নিহত হয়েছেন।"
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল, আত্মঘাতী হামলার মাধ্যমে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। তবে মাসুদ আফ্রিদি জানিয়েছেন, দূরনিয়ন্ত্রণ যন্ত্রের সাহায্যে বিস্ফোরণটি ঘটানো হয়েছে।
বান্নু হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ১২ জন আহত লোককে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।
অঞ্চলটিতে ইসলামি জঙ্গি দলের সদস্যরা প্রায়ই নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২২৮ ঘ.
bdnews24