২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামা আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন, ক্লিনটনের সমর্থন

যুক্তরাষ্ট্রের আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন বারাক ওবামা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2008, 05:41 AM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ডেনভার, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আগামী ৪ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন বারাক ওবামা। বুধবার ডেমোক্র্যাট দলের জাতীয় কনভেনশনে হাজার হাজার সমর্থকের "হ্যাঁ আমরা পারি", "হ্যা আমরা পারি" বলে উল্লসিত শ্লোগানের মধ্য দিয়ে একজন কৃষ্ণাঙ্গ আমেরিকানকে প্রথমবারের মতো প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত করল ডেমোক্র্যাটরা। (আরও তথ্যসহ) বারাক ওবামা নির্বাচিত হলে তিনি হবেন আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের কোনো বড় দলের পক্ষ থেকে এই প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে চূড়ান্ত মনোনয়ন পেলেন একজন কৃষ্ণাঙ্গ আমেরিকান। এর আগে ডেমোক্র্যাট দলের কনভেনশনে উপস্থিত হন ডেমোক্র্যাট দল থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ওবামার প্রার্থিতার প্রতি নিজের পূর্ণ সমর্থন জানিয়ে তিনি বলেন, "আমেরিকাকে নেতৃত্ব দিতে প্রস্তুত বারাক ওবামা।" তার স্ত্রী হিলারি ক্লিনটন দলীয় মনোনয়ন দৌড়ে ওবামার কাছে পরাজিত হওয়ার পর ওবামাকে স্বাগত জানাতে এবং প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে স্বীকৃতি দিতে বেশ খানিকটা বিলম্ব করেন বিল ক্লিনটন। তবে, মঙ্গলবার দলের এ জাতীয় সম্মেলনে হাজির হয়ে ওবামাকে নিরঙ্কুশ সমর্থন জানান এবং অত্যন্ত দৃড়ভাবে ডেমোক্র্যাট দলের ঐক্যের পক্ষে ভাষণ দেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, দলীয় ঐক্যের মাধ্যমেই সমবেতভাবে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনকে পরাজিত করতে হবে। এরপর বুধবার বিল ক্লিনটন সম্মেলনে হাজির বিপুল করতালি আর উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেয় হাজার হাজার সমর্থক। ক্লিনটন তার ভাষণে বলেন, "আমার সহযোদ্ধা ডেমোক্র্যাটরা, আমি আপনাদের বলছি: বারাক ওবামা আমেরিকাকে নেতৃত্ব দিতে এবং বিশ্বে আমেরিকার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে প্রস্তুত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১৮ ঘ.