২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে রাজনৈতিক ডামাডোলের মধ্যে সহিংসতা বাড়ছে

পাকিস্তানের রাজনৈতিক প্রতিপক্ষরা আগামী সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নিজেদের পক্ষে প্রচারাভিযান জোরদার করেছে। ক্ষমতাসীন জোটের শরিকদের মধ্যে ভাঙনের ফলে সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা, পুঁজি বাজারের পতন এবং রাজনৈতিক প্রচারাভিযানের এই ডামাডোলের মধ্যে জঙ্গি দমনের দিকে সরকারের অমনোযোগিতার সুযোগে জঙ্গি তৎপরতা বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ইসলামাবাদ, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজনৈতিক প্রতিপক্ষরা আগামী সপ্তাহের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে নিজেদের পক্ষে প্রচারাভিযান জোরদার করেছে। ক্ষমতাসীন জোটের শরিকদের মধ্যে ভাঙনের ফলে সৃষ্ট রাজনৈতিক অনিশ্চয়তা, পুঁজি বাজারের পতন এবং রাজনৈতিক প্রচারাভিযানের এই ডামাডোলের মধ্যে জঙ্গি দমনের দিকে সরকারের অমনোযোগিতার সুযোগে জঙ্গি তৎপরতা বাড়ছে। গত সপ্তাহে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগের পর রাজনৈতিক স্থিতিশীলতার যে আশা দেখা যাচ্ছিল ক্ষমতাসীন জোটের ভাঙনে সেই আশা তো এখন সূদূর পরাহত বরং প্রধান দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানে পরিস্থিতি দিন দিন আরও অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। ক্রমবর্ধমান সহিংসতার মুখে সরকার বুধবার উত্তর-পশ্চিম পাকিস্তানে প্রায় ৪০ জঙ্গি হত্যা করেছে। সামরিক কর্মকর্তারা বলেছেন, আফগান সীমান্তের কাছে সংঘর্ষে ৪১ জঙ্গি নিহত হয়েছে। সেনা অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। কিন্তু সরকার জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর দাবি করলেও এটি সত্য যে নানা ব্যবস্থতার কারণে এদিকটিতে সরকার মনোনিবেশ করতে পারছে কম। ফলে সহিংসতা বেড়ে চলেছে। এরই মধ্যে আগামী সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দুই প্রতিপক্ষ দল প্রচারাভিযান জোরদার করেছে। প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন ও পদচ্যুত বিচারকদের ইস্যুতে দ্বন্দ্বের কারণে শাসক জোট ছেড়ে বেরিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)। এই অবস্থায় শাসক জোটের নেতৃত্বে থাকা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পিএমএল-এন নিজেদের পছন্দের প্রার্র্থীকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে। পিপিপি প্রয়াত বেনজিরের স্বামী ও দলের যুগ্ম চেয়ারম্যান আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছে। অন্যদিকে, পিএমএল-এন মনোনয়ন দিয়েছে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সাইদুজ্জামান সিদ্দিকিকে। এছাড়া, মুশাররফপন্থি দলটিও তাদের পক্ষে মনোনয়ন দিয়েছে সাবেক মন্ত্রী এবং দলের শীর্ষ নেতা মুসাহিদ হোসেন সাইদকে। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য কোনো দলেরই পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা প্রাদেশিক ও জাতীয় পরিষদে নেই। যদিও বিশ্লেষকরা আশা করছেন, জয়ের জন্য পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে সক্ষম হবেন জারদারি। তবে বিশ্লেষকরা বলছেন, পিপিপি ও পিএমএল-এন এর এই জোট স্বাভাবিক ছিল না। কেননা পাকিস্তানের রাজনীতিতে তারা পরস্পরের শত্র"। শুধু স্বৈরশাসক মুশাররফের বিরুদ্ধে আন্দোলন তাদেরকে জোটবদ্ধ হতে সাহায্য করেছিল। এই ছাড়া তাদের মধ্যে আর কোনো আদর্শিক মিল ছিল না। এখন মুশররফ দৃশ্যপটে নেই, তাদের জোটও ভেঙে গেছে। রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে পাকিস্তানের শেয়ার বাজারে বুধবার ৪ শতাংশ পতন ঘটে দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিন্মে পৌঁছেছে। আরিফ হাবিব লিমিটেডের এক বিনিয়োগকারী সাজিদ ভানজি বলেন, "রাজনৈতিক পরিস্থিতি এখন খুবই অস্থিতিশীল। এই অবস্থায় মানুষ পুঁজিবাজারে ঝুঁকি নিতে চাইছে না। তাই তারা বাজার থেকে উঠে আসতে চাইছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯০০ ঘ.