ব্যাংকক, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে প্রধানমন্ত্রী সামাক সুন্দরাভেজের পদত্যাগ দাবিতে মঙ্গলবার তার কার্যালয়, একটি টেলিভিশন স্টেশন ও কয়েকটি মন্ত্রণালয় অবরোধ করে রেখেছে বিক্ষোভকারীরা।
প্রধানমন্ত্রী সামাক বিক্ষোভকারী পিপলস অ্যালায়েন্স ফর ডেমোক্র্যাসিকে (পিএডি) অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, পিএডি তিন মাসের শান্তিপূর্ণ বিক্ষোভের শেষে এখন আইন সৃঙ্খলা ভঙ্গ করছে।
সেনা সদরদপ্তরে বিদেশি সাংবাদিকদের সামাক বলেন, "তারা দেশে রক্তপাত চাইছে। তারা চাইছে সেনবাহিনী ব্যারাক ছেড়ে বেরিয়ে এসে আবারও একটি অভ্যুত্থান ঘটাক।" বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অবরোধ করে রাখায় তিনি সেনা সদরদপ্তরে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক করতে বাধ্য হন।
তিনি আরও বলেন, "আমরা এখন দিনের হিসেব করছি না, আমরা হিসেব করছি ঘন্টায়। আমারা মনে করছি আগামী কালের মধ্যে এই অবরোধ শেষ হবে।"
তবে এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির প্রয়োজন আছে কিনা সে বিষয়ে প্রধানমন্ত্রী সামাক কোনো মন্তব্য করেননি। কিন্তু পুলিশের মুখপাত্র সুরাপল থুয়াংথং জানিয়েছেন, সন্ধ্যা ছয়টার মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে আইন সৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিএডি নেতাদের গ্রেপ্তারে বুধবার তারা আদালতের অনুমতি চাইবে।
সামাক জানিয়েছেন, এ পর্যন্ত ৮৫ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পিএডি অভিযোগ করে আসছে, প্রধানমন্ত্রী সামাক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়াত্রার বিকল্প হিসেবে অনৈতিকভাবে সরকার চালাচ্ছেন এবং দেশকে প্রজাতন্ত্রে রুপান্তরের চেষ্টা করছেন। তবে প্রধানমন্ত্রী এই অভিযোগ অস্বীকার করেছেন।
সামাক এর আগে সাংবাদিকদের বলেন, "আমি আত্মসমর্পণ করব না। আমার মন্ত্রিপরিষদ আত্মসমর্পণ করবে না। সেনাবাহিনী বা পুলিশও আত্মসমর্পণ করবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩৫ ঘ.
bdnews24