২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে ১১ দিন ধরে খাবার নিচ্ছেন না সু চি

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি গত ১১ দিন ধরে তার বাসভবনে খাবার সরবরাহ করতে দিচ্ছেন না। এর ফলে তার স্বাস্থ্য নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে। এক কূটনীতিক মঙ্গলবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2008, 12:59 PM

Updated : 26 Aug 2022, 02:17 PM

ব্যাংকক, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি গত ১১ দিন ধরে তার বাসভবনে খাবার সরবরাহ করতে দিচ্ছেন না। এর ফলে তার স্বাস্থ্য নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে। এক কূটনীতিক মঙ্গলবার একথা জানিয়েছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককভিত্তিক ওই কূটনীতিক জানিয়েছেন, সু চি অনশন পালন করছেন এ কথাও বলা যাচ্ছে না। তবে তার বাড়িতে কি পরিমাণ খাদ্য আছে সেটা নিশ্চিত নয়। মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনের একটি বাড়িতে গত পাঁচ বছর ধরে গৃহবন্দি আছেন শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের গণতান্ত্রিক নেত্রী সু চি। ইয়াঙ্গুনের একটি হ্রদের পার্শ্ববর্তী ওই বাড়ির সঙ্গে বাইরের যোগাযোগ একেবারেই নেই। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক রয়টার্সকে বলেন, "তিনি নতুন কোনো খাবার তার বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। এছাড়া তার বাড়ির বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক নেই।" খাদ্য গ্রহণ না করার পেছনে সু চি'র কোনো উদ্দেশ্য আছে কি না সে সম্পর্কে এখুনি কোনো মন্তব্য করা যাচ্ছে না। তবে গত সপ্তাহে তিনি জাতিসংঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারির সঙ্গেও সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান। মিয়ানমারে রাজনৈতিক সংস্কার শুরু করার জন্য সামরিক জান্তা ও রাজনৈতিক নেতাদের রাজি করাতে কাজ করে যাচেছন গাম্বারি। সফর সূচি একদিন বাড়িয়েও সু চি'র সঙ্গে সাক্ষাত করতে না পেরে গত সপ্তাহে মিয়ানমার থেকে ফিরে গেছেন গাম্বারি। ৬৩ বছর বয়সী সু চি'র সঙ্গে গত মার্চে গাম্বারি যখন সাক্ষাৎ করেন তখন তাকে বেশ রোগা ও কৃশ দেখা গিয়েছিল। গত ১৯ বছরের মধ্যে ১৩ বছর তিনি গৃহবন্দি অবস্থায় আছেন। সু চি'র রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) প্রবাসী শাখা জানিয়েছে, গত ১৫ আগস্টের পর সু চি'র বাড়িতে আরও কোনো খাদ্য সরবরাহ করতে দেওয়া হয়নি। এনএলডি'র এক বিবৃতিতে জানানো হয়েছে, "সু চি যদি অব্যাহতভাবে খাদ্য গ্রহণে অস্বীকৃতি জানান তাহলে তার স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫০ ঘ.