সিউল, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্র নিরস্ত্রীকরণ চুক্তি লঙ্ঘন করছে অভিযোগে উত্তর কোরিয়া আবার পরমাণু কর্মসূচি শুরুর হুঁশিয়ারি দিয়েছে। মঙ্গলবার উত্তর কোরিয়া বলেছে, তারা পরমাণু স্থাপনা নিস্ক্রিয়করণ বন্ধ করে আবার ইয়ংবিয়ন পরমাণু চুল্লির কাজ শুরুর কথা বিবেচনা করবে।
ওই চুল্লিতে পরমাণু বোমা বানানোয় ব্যবহার উপযোগী উপাদান তৈরি হয়। উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছে, "আমরা অবিলম্বে পরমাণু স্থাপনা ধ্বংস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।"
কর্মকর্তা বলেন, "১৪ আগস্ট থেকে এ পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে তা জানানো হয়েছে।"
বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এ পদক্ষেপে অবাক হওয়ার কিছু নেই। কারণ পরমাণু কর্মসূচি পরিহারে তাদের বরাবরই অনীহা দেখা যাচ্ছে।
সিউলের সিএসআইএস গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন সহযোগী বলেছেন, লি ডং বক বলেছেন, "উত্তর কোরিয়া জল ঘোলা করে পরমাণু কর্মসূচি বন্ধে যতটা পারা যায় কালক্ষেপণের চেষ্টা করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24