ইসলামাবাদ, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের জোট সরকার থেকে বেরিয়ে গেল সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল পিএমএল-এন। পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট নির্বাচন এবং বিচারকদের পুনর্বহাল নিয়ে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)'র সঙ্গে বিরোধের কারণে নওয়াজ তার দল নিয়ে সরকার থেকে বেরিয়ে গেলেন।
এতে করে জঙ্গিদের ক্রমবর্ধমান হৃমকি ও অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত পাকিস্তান নতুন করে আরেক দফা রাজনৈতিক বিশৃঙ্খলার মুখে পড়ল।
তবে নওয়াজের দল বেরিয়ে গেলেও পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।
কারণ, প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির নেতৃত্বাধীন বৃহত্তম দল পিপিপি সরকারে টিকে থাকার মতো যথেষ্ট সমর্থন পাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৭ঘ.
bdnews24