সিঙ্গাপুর, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান এবং বিশ্ব সন্ত্রাসবিরোধী যুদ্ধে হেরে যাচ্ছে। এ লড়াইয়ে এখনও তালেবানদের পাল্লা ভারী। এই সংগঠনটিকে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। পাকিস্তানের প্রেসিডেন্ট পদপ্রার্থী এবং ক্ষমতাসীন জোটের সবচেয়ে বড় দল পিপিপি'র নেতা আসিফ আলি জারদারি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন।
আসিফ আলি জারদারির এই সাক্ষাৎকারটি রোববার বিবিসি'র ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে।
পাকিস্তান পিপলস পার্টির যুগ্ম চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী জারদারি তালেবানদের তৎপরতা সম্পর্কে বলেন, "এটা একটি সশস্ত্র বিদ্রোহী তৎপরতা"।
তিনি আরও বলেন, "এটা আমাদের দেশ এবং আমরাই এর মোকাবেলা করব।"
পাকিস্তানের এই প্রেসিডেন্ট পদপ্রার্থী বলেন, "বিশ্ব এই যুদ্ধে পরাজিত হচ্ছে। আমি মনে করি এই মুহূর্তে তাদের (তালেবান) দিকেই পাল্লা ভারী।"
এই সহিংসতায় পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন জারদারি। তিনি বলেন, "এই সমস্যাটি নিয়ে শুধু পাকিস্তান বা আফগানিস্তান উদ্বিগ্ন নয়, এটা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে। আর পুরো বিশ্ব এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে।"
আগামী ৬ সেপ্টেম্বরের পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে পিপিপি'র প্রার্থী হিসেবে আসিফ আলি জারদারির নাম ঘোষণার পরপরই তিনি এসব মন্তব্য করলেন।
মার্চে বেনজির ভুট্টো নিহত হওয়ার পর জারদারিকে পিপিপি'র যুগ্ম চেয়ারম্যান করা হয়। তবে বেনজিরের অনেক সমর্থকই জারদারিকে ক্ষমতালোভী এবং অর্থপিপাসু বলে মনে করেন।
জারদারি দুর্নীতি এবং মাদক চোরাচালানের অভিযোগে ৮ বছর কারাদণ্ডও ভোগ করেছেন। তবে তিনি দাবি করেন তিনি খারাপ কিছুই করেননি। বেনজিরের বিরোধীরাই তার সম্মান হানির জন্য জারদারিকে এসব অভিযোগে অভিযুক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩০০ ঘ.
bdnews24