২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন যুদ্ধজাহাজ জর্জিয়ায়, সেনা সরায়নি রাশিয়া

একটি মার্কিন যুদ্ধজাহাজ রোববার কৃষ্ণসাগরে জর্জিয়ার প্রধান সমুদ্রবন্দর বাতুমিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র বলেছে মানবিক সাহায্য দিতে যুদ্ধজাহাজটিতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে নৌসেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 09:10 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

বাতুমি, জর্জিয়া, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - একটি মার্কিন যুদ্ধজাহাজ রোববার কৃষ্ণসাগরে জর্জিয়ার প্রধান সমুদ্রবন্দর বাতুমিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র বলেছে মানবিক সাহায্য দিতে যুদ্ধজাহাজটিতে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে নৌসেনারা। ওদিকে, জর্জিয়ার ভেতর থেকে সেনা সরিয়ে নেওয়ার পশ্চিমি দাবি নাকচ করে দিয়ে সেখানে নিজেদের সেনা অবস্থান বজায় রেখেছে রাশিয়া। সেনা সরিয়ে নেওয়ার দাবি করার দুদিন পর মস্কো শনিবার বলেছে, জর্জিয়ায় থেকে যাওয়া তাদের অবশিষ্ট সেনারা সেখানে শান্তিরক্ষার কাজ করবে। একইসঙ্গে তাদের দাবি জর্জিয়ার রুশপন্থী বিচ্ছিন্নতাকামী অঞ্চল দক্ষিণ ওসেটিয়া ও আবখাজিয়ার জনগণকে আবারও এ ধরেনর কোনো সংঘর্ষের হাত থেকে বাঁচাতেই ওই সেনা মোতায়েন রাখা প্রয়োজন। এ পরিস্থিতিতে জর্জিয়ায় এখনও উত্তেজনা বিরাজ করছে। জর্জিয়ার যে বন্দরটিতে মার্কিন যুদ্ধজাহাজ 'ইউএসএস ম্যাকফল' নোঙ্গর করেছে তার ঠিক ৮০ কিলোমিটার দক্ষিণেই অপর একটি সমুদ্রবন্দর পোতি-তে এখনও রুশ নৌসেনারা অবস্থান করছে। তবে, রুশ নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জর্জিয়ার উপকূলে ভিড়ানো রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের রণতরী 'মস্কোভা' এখন আর আগের জায়গায় নেই। শনিবার তা ইউক্রেইনে এর ঘাঁিটিতে ফিরে গেছে। রুশ বার্তাসংস্থাগুলি একথা জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, গত ৭-৮ আগস্টে শুরু হওয়া সংঘর্ষে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে জরুরি সাহায্য দিতেই এই 'স্বয়ংক্রিয় নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র' বহনকারী যুদ্ধজাহাজটি জর্জিয়ায় গিয়েছে। অবশ্য ইতোমধ্যেই সামরিক পরিবহন বিমানে করে খাদ্য ও অন্যান্য সাহায্য পৌঁছে দিয়েছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তারা আরও জানিয়েছেন, অল্প দিনের মধ্যেই আরও দুটি মার্কিন জাহাজ জর্জিয়ায় যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৫০৫ ঘ.