ইয়াঙ্গুন, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয় দিনের সফর শেষে শনিবার মিয়ানমার ছেড়েছেন জতিংসঘের বিশেষ দূত ইব্রাহিম গাম্বারি। তবে দেশটির গৃহবন্দি বিরোধীদলীয় নেত্রী অং সান সু কি' সঙ্গে তিনি সাক্ষাৎ করতে পারেননি। কূটনৈতিক সূত্র একথা জানিয়েছে।
গণতান্ত্রিক সংস্কারে মিয়ামনারের সামরিক জান্তাকে রাজি করাতে জাতিসংঘ বিশেষ দূত গাম্বারির এটা ছিল ৬ষ্ঠ মিয়ানমার সফর। বিরোধীদলীয় নেত্রী সু কি সঙ্গে সাক্ষাতের আশায় পাঁচ দিনের এই সফর তিনি আরও একদিন বাড়িয়ে দেন। তারপরও তিনি সু কি সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।
মিয়ানমার ত্যাগ করার আগে দেশেটির সাবেক রাজধানী ইয়াঙ্গুনে গাম্বারি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তবে এ সময় তিনি সু কি সঙ্গে সাক্ষাৎ না হওয়ার বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এর আগের সফরগুলোতে যেটা তিনি করতেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা কূটনীতিক বলেন, "তিনি (গাম্বারি) জানিয়েছেন, সরকারের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং তিনি আবারও মিয়ানমারে আসার প্রত্যাশা করছেন। তবে এক্ষেত্রে খুব বেশি অগ্রগতি হয়নি।"
গাম্বারি শনিবার প্রধানমন্ত্রী থেইন সেইনের সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু এই সফরে তিনি প্রধান সেনাশাসক জেনারেল থান শোয়ের সাক্ষাৎ পাননি।
গাম্বারি জানিয়েছেন, প্রায় দুই হাজার রাজবন্দির মুক্তি ও বিরোধীদের সঙ্গে সঠিক আলোচনা শুরুর জন্য তিনি সেনা সরকারকে আবারও আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৪০ ঘ.
bdnews24