নয়া দিল্লি, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পরমাণু চুক্তিতে ৪৫ জাতি পরমাণু সরবরাহকারী গ্র"পের (এনএসজি) সম্মতি আদায়ের ক্ষেত্রে কোনো শর্ত মেনে নেবে না ভারত। পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই শনিবার একথা জানিয়েছে।
ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি নিয়ে আয়োজিত এনএসজি একটি বৈঠক গত শুক্রবার কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। সেখানে অনেক রাষ্ট্র এই চুক্তির বিষয়ে আপত্তি তুলে কিছু শর্ত বেধে দেওয়ার দাবি জানিয়েছে। ফলে আবারো অনিশ্চয়তার মুখে পড়েছে এই চুক্তির ভবিষ্যত।
তবে আগামী সেপ্টেম্বরের ৪ ও ৫ তারিখে এ নিয়ে আবার বৈঠকে বসবে এনএসজি। সে সময় যুক্তরাষ্ট্র কিছু ঘষামাজা করে প্রস্তাবটি পুনরায় উত্থাপণ করবে বলে আশা করা হচ্ছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি বার্তা সংস্থা পিটিআিইকে বলেন, "প্রস্তাবে কি ধরণের সংশোধনী আসছে আমরা তা দেখার অপেক্ষায় আছি।"
বিশ্লেষকার বলছেন, যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণে এনএসজি'র বাধা কাটাতে পারবে এই চুক্তি। চুক্তি কার্যকর হলে ভারতে প্রায় ৪০ বিলিয়ন ডলারের ব্যবসা হবে এবং আগামী ২০৩০ সাল নাগাদ পরমাণু শক্তিতে ভারতের সক্ষমতা দ্বিগুণ হবে।
পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তিতে সই না করা এবং ১৯৭৪ ও ১৯৯৮ সালে পরমাণু পরীক্ষা চালানো ভারতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে বাম শরিকদের বিরোধিতার মুখে পড়ে মনমোহন সরকার।
চুক্তির বিরোধিতা করে বাম মিত্ররা সমর্থন প্রত্যাহার করে নিলে পার্লামেন্টে আস্থাভোটের মুখে পড়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। আস্থাভোটে ইউপিএর জয়ে সে প্রতিবন্ধকতা দুর হয়েছে। এখন এই চুক্তি মার্কিন কংগ্রেসে সম্মতির জন্য উত্থাপিত হওয়ার আগে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও এনএসজি'র সম্মতি প্রয়োজন হবে।
এই চুক্তি কার্যকর হলে বেসামরিক পরমাণু জ্বালানি উৎপাদনে ভারতের প্রায় চারশ' কোম্পানি জিই, ওয়েস্টিংহাউস ও এরিভার মতো বিশ্বের বড় বড় পরমাণু ফার্মগুলোর সহযোগিতা পাবে। যদিও এর জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষণের প্রয়োজন হবে।
তবে ভারত এখন বলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি সত্ত্বেও তারা নিজেদের পরমাণু পরীক্ষা চালাতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯০০ ঘ.
bdnews24