২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন সফরে নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড

অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে শনিবার চীন সফরে গেছেন প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। গত সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাবেক মাওবাদী নেতা প্রচণ্ডের এটাই প্রথম বিদেশ সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2008, 12:02 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

কাঠমাণ্ডু, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে শনিবার চীন সফরে গেছেন প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড। গত সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সাবেক মাওবাদী নেতা প্রচণ্ডের এটাই প্রথম বিদেশ সফর। নেপালে অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে কিছুটা মুক্ত বাণিজ্যে উত্তরণের পক্ষে মত দেওয়া সাবেক গেরিলা নেতা প্রচণ্ড বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গে সাক্ষাত করবেন। দুই দশকের গৃহযুদ্ধ বিধ্বস্ত নেপালের সংস্কারের বিষয়ে এ সময় তাদের মধ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে শনিবার তিনি গণতন্ত্র ও বেসরকারি বিনিয়োগে তার প্রতিশ্র"তির কথা আবারও উল্লেখ করেছেন। এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেন, "আমরা বহুদলীয় গণতন্ত্র, ধারাবাহিক নির্বাচন, মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করব।" তিনি আরও বলেন, "নতুন সরকার অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশিদারিত্বের নীতি অনুসরণ করবে। এছাড়া উৎপাদনের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও ভোগ্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করবে।" এর আগে শুক্রবার নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন প্রচণ্ড। সাবেক গেরিলা কমান্ডার রাম বাহাদুর থাপাকে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রচণ্ড। সাবেক মাওবাদীদের মধ্যে থাপাকে দেখা হয় সবচেয়ে কট্টরপন্থি হিসেবে। থাপার নেতৃত্বে গেরিলারা এক সময় লড়াই করেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এখন সেনবাহিনীর দায়িত্ব পড়ল তার হাতে। এছাড়া জোট সরকারের মন্ত্রিপরিষদে অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রচণ্ডর সাবেক সহকর্মী মাওবাদী নেতা বাবুরাম ভট্টরাই। বিশ্বের অন্যতম দরিদ্র এই দেশটির অর্থনীতিকে টেনে তোলার দায়িত্ব পেলেন মাওবাদী আদর্শধারী এই নেতা। সরকারের অন্যতম অংশীদার মাধেশি পিপলস রাইটস ফোরামের প্রধান উপেন্দ্র যাদবকে দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তার এই নিয়োগে দেশটির দক্ষিণাঞ্চলে সংখ্যাগুরু মাধেশিদের আন্দোলন শান্ত করবে বলে ধারণা করা হচ্ছে। কয়েক সপ্তাহের রাজনৈতিক বিরোধ শেষে গত সপ্তাহে গণপরিষদের বিশেষ অধিবেশনে ভোটাভুটিতে প্রচণ্ড ৫৭৭ ভোটের মধ্যে ৪৬৪টি পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিন বারের প্রধানমন্ত্রী নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবাকে পরাজিত করেন তিনি। মাত্র দুই বছর আগেই নেপালের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সাবেক মাওবাদী বিদ্রোহীদের নেতা প্রচণ্ড নেপালের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত সোমবার। ৫৩ বছর বয়সী প্রচণ্ড কমিউনিস্ট পার্টি অফ নেপালের চেয়ারম্যান। ২০০৬ সালে শান্তিচুক্তির মধ্য দিয়ে নেপালে রাজতন্ত্রের বিরুদ্ধে মাওবাদী বিদ্রোহের অবসান ঘটার পর বর্তমান সরকার গঠন একটি বড় সাফল্য। গত এপ্রিলে নেপালের বিশেষ গণপরিষদের নির্বাচনে মাওবাদীরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়। ফলে নির্বাচনের পর চার মাস পেরিয়ে গেলেও সরকার গঠন নিয়ে দ্বন্দ্ব চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৫২ ঘ.