বাগদাদ, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ২০১১ সালের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার চায় ইরাকি সরকার। ইরাকে মার্কিন সেনা অবস্থানের বিষয়ে সেদেশের সঙ্গে ইরাকি সরকারের বহুল আলোচিত চুক্তি স্বাক্ষরের অন্যতম শর্ত হিসেবে একথা জানিয়েছেন তারা। ইরাক সরকারের মুখপাত্র আলি আল-দাব্বাঘ শুক্রবার একথা বলেছেন।
ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থান অব্যাহত রাখতে দেশটির সঙ্গে নতুন ওই চুক্তি করতে চাইছে যুক্তরাষ্ট্র। কেননা ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থানের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের মেয়াদ এ বছরের শেষ নাগাদ শেষ হয়ে যাচ্ছে।
ওয়াশিংটন এবং বাগদাদ বলছে সেনা অবস্থানের ওই দ্বিপাক্ষিক চুক্তিটি চূড়ান্ত করার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছেন তারা। চুক্তিটি অনুমোদনের জন্য ইতোমধ্যেই এর খসড়া ইরাকি রাজনীতিবিদদের কাছে বিতরণ করা হয়েছে।
ইরাকি কর্মকর্তারা বলছেন, ওই চুক্তিতে সেনা প্রত্যাহারের কোনো নিশ্চিত সময়সীমার উল্লেখ নেই। তবে তারা চান যে, এ চুক্তিতে এমন কিছু থাকুক যাতে ২০০৯ সালের মাঝামাঝিতে ইরাকের রাজপথগুলো থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়া হবে এবং ২০১১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের যোদ্ধা সেনারা দেশে ফিরে যাবে।
আলি আল-দাব্বাঘ বলেছেন, ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের একটি নিশ্চিত সময়সীমা চান তারা। একইসঙ্গে তারা চান যে, এ চুক্তি অনুযায়ী ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থানের মেয়াদ কেবল তিন বছরের জন্য সীমিত থাকবে।
আল-দাব্বাঘ রয়টার্সকে বলেছেন, "ইরাক সরকার চায় যে, এ চুক্তি কেবল তিন বছরের জন্য হবে।"
তবে তিনি আরও বলেন যে, "সব সেনা প্রত্যাহারের বিষয়টি বাস্তব অবস্থা, ইরাকিদের প্রয়োজন এবং ইরাকি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬৫০ ঘ.
bdnews24