ওয়াশিংটন, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভাইস প্রেসিডেন্ট মনোনীত করা নিয়ে অপেক্ষার পালা আরও দীর্ঘায়িত করছেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী বারাক ওবামা। শুক্রবার তিনি জানিয়েছেন, তিনি এমন একজনকে পছন্দ করে রেখেছেন যিনি তাকে দায়িত্ব পালনে বেশ ভালোভাবে সহযোগিতা করতে পারবেন। তবে তিনি তার মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেননি।
ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন নিয়ে আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন ওবামা। তবে সময়ও শেষ হয়ে আসছে। আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ডেমোক্র্যাট দলের সম্মেলন। সেখানে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। এরপর বুধবার ভাইস প্রেসিডেন্ট মনোনয়নের পালা।
পছন্দের ভাইস প্রেসিডেন্টের নাম জানতে চাওয়া হলে সিবিএস টেলিভিশনকে ওবামা বলেন, "এ বিষয়ে আমি একটু শৃংঙ্খলা রক্ষা করছি।"
ইলিনয়ের সিনেটর ওবামা জানান, তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে এমন একজনকে খুঁজে নিয়েছেন যিনি নিজে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের প্রস্তুতি নেবেন এবং হোয়াইট হাউসের দায়িত্বে তাকে সহযোগিতা করতে পারবেন।
ওবামা বলেন, "ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় যে বিষয়টিকে আমি গুরুত্ব দিচ্ছি তা হল তাকে নিরপেক্ষ হতে হবে। আমি চাই তিনি আমার চিন্তা-ভাবনাকে চ্যালেঞ্জ জানাবেন। কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি শুধু হ্যাঁ-না বলে বিকল্প পথও দেখাবেন।"
তবে ওবামা যে কোনো সময় তার সহযোগীর নাম ঘোষণা করতে পারেন। আশা করা হচ্ছে শনিবার ইলিনয়েই তিনি নাম ঘোষণা করবেন।
আগের ইতিহাস থেকে বলা যায়, সঠিক ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন আগামী ৪ নভেম্বরের নির্বাচনে ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী জন ম্যাককেইনের নির্বাচনী দৌড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জল্পনা-কল্পনা হচ্ছে, ভার্জেনিয়ার গভর্নর টিম কেইনি, ইন্ডিয়ানার সিনেটর ইভান বায়াহ ও ডেলাওয়ারের সিটেনর যোসেফ বিডেন এই তিনজনের মধ্যে থেকে কাউকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতে পারেন ওবামা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৪৭ ঘ.
bdnews24