হংকং, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শক্তিশালী টাইফুন নুরি প্রচণ্ড বেগে ধেয়ে আসছে হংকংয়ের দিকে। নুরি আঘাত হানার আগেই ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে হংকং। ঝড়ো হাওয়া থেকে রক্ষা পেতে বন্ধ হয়ে গেছে দোকানপাট। নগরী হয়ে পড়েছে জনশূন্য।
ক্রান্তিমণ্ডলীয় টাইফুন নুরি স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে হংকংয়ের কাছাকাছি চলে এসেছে। এর আগে নুরি ফিলিপাইনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে আসে। হংকং এ ৯ নম্বর সতর্ক সংকেত দেখানো হচ্ছে।
টাইফুনের কারণে হংকং প্রায় দুইশ' বিমানের উড্ডয়ন বাতিল অথবা বিলম্বিত করা হয়েছে।
হংকং মানমন্দির বলেছে, "দুপুরের মধ্যে আরও উচ্চ সংকেত দেখাতে হতে পারে।" সেইসঙ্গে জানিয়েছে, বাতাসের গড় গতিবেগ প্রায় ৯৮ কিলোমিটার এবং দমকা বাতাসের ফলে অনেক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্কুল, আদালত, অফিস, বাজার এবং জন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় হংকংয়ের বেশির ভাগ অঞ্চলই স্থবির হয়ে আছে। এখন পর্যন্ত ১৫০টি বিমান ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়াও ক্যাথে প্যাসিফিক এবং ড্রাগন এয়ারের দুপুর এবং সন্ধ্যার সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, টাইফুন নুরি আঘাত হানার ভয়ে চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় অঞ্চল গুয়াংডং থেকে প্রায় আড়াই লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24