২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে দু'টি আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫৯

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে প্রধান সামরিক অস্ত্র কারখানার সামনে বৃহস্পাতিবার দুটি আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৫৯ জন নিহত হয়েছে। এছাড়া, আরও প্রায় ৮১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ইসলামাবাদ, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে প্রধান সামরিক অস্ত্র কারখানার সামনে বৃহস্পাতিবার দুটি আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৫৯ জন নিহত হয়েছে। এছাড়া, আরও প্রায় ৮১ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, কাজ শেষ করে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসার সময়ই কারখানার বাইরে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৫৯ জন নিহত ও ৮১ জন আহত হয়। ইসলামাবাদ থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়াহ নামক স্থানে কারখানাটি অবস্থিত। এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, আফগান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় বাজাউর এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযানের প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। তালেবান মুখপাত্র মৌলভি ওমর টেলিফোনে বলেন, "অভিযান বন্ধ করা না হলে এ ধরনের হামলা চলতে থাকবে।" পাশ্ববর্তী একটি পেট্রোল স্টেশনের ম্যানেজার শাহ বলেন, "রাস্তার ওপর অনেক মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আহতদের শরীর রক্তে ভেসে যাচ্ছে। এই অবস্থায় তারা সাহায্যের জন্য কাতরাচ্ছে।" তিনি আরও বলেন, "আহতদের কারো হাত, কারো পা বিস্ফোরণে উড়ে গেছে। আমি দেখেছি মানুষের শরীরের বিভিন্ন অংশ গাছে ঝুলছে।" এর আগে পুলিশ কর্মকর্তা সরদার শাহবাজ বলেন, "৪০ জনের মতো নিহত হয়েছে। এছড়া আহত হয়েছে আরও প্রায় ৬০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।" পাকিস্তানের অধিকাংশ অস্ত্র কারখানা অবস্থিত ওয়াহ শহরে। এখানে প্রায় ১৫টি কারখানায় ২৫ হাজার শ্রমিক গোলাবারুদ, অস্ত্র ও বিস্ফোরক তৈরি করে থাকে। শ' শ' শ্রমিক কারখানার বাইরে চলে আসার পরই তাদের মধ্যে মিশে গিয়ে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারীরা। পুলিশ কর্মকর্তা শাহবাজ জানান, কারখানাটির মূল ফটকের কাছে প্রথম বিস্ফোরণটি ঘটায় আত্মঘাতী হামলাকারী। এর প্রায় পরপরই কাছাকাছি অন্য একটি প্রবেশপথে দ্বিতীয় আত্মঘাতী হমলা হয়। প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, পুলিশ বিস্ফোরণস্থল দুটি ঘিরে রেখেছে। সাংবাদিকদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। অ্যাম্বুলেন্সে করে হতাহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২৫ ঘ.