তেহরান, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী দশ বছরের মধ্যে মহাশূন্যে মানুষসহ রকেট পাঠানোর পরিকল্পনা করছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশন বৃহস্পতিবার একথা জানিয়েছে।
কক্ষপথে একটি ডামি স্যটেলাইট পাঠানোর ঘোষণা দেওয়ার একদিন পর ইরান একথা জানালো। এর আগে গত রোববার তারা জানিয়েছিল, নিজেদের তৈরি রকেটের মাধ্যমে তারা কক্ষপথে একটি ডামি স্যাটেলাইট পাঠিয়েছে।
মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের স্যাটেলাইট পাঠানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এক বিশ্লেষক জানিয়েছেন, স্যাটেলাইট পাঠানোর চেষ্টাই এটা প্রমাণ করে যে ইরান একাজে সক্ষম হয়ে উঠছে।
কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে দূর পাল্লার যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহৃত হয়, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলায়ও একই প্রযুক্তি কাজে লাগানো হয়। তবে ইরান জানিয়েছে, তেমন কোনো ইচ্ছা তাদের নেই।
যুক্তরাষ্ট্রসহ পমিশ্চা বিশ্ব অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে আসছে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষেই তা পরিচালিত হচেছ।
ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান রেজা তাঘিপুর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, "আগামী ১০ বছরের মধ্যে মহাশূন্যে মানুষ্যযান পাঠানোর লক্ষ্যে কাজ করছে ইরান।"
তিনি আরও বলেন, "আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে ওই মিশনের নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করে ফেলা হবে।"
ইসলামি দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে ইরান পৃথিবীর কক্ষপথে একটি স্যটেলাইট পাঠানোর জন্য কাজ করছে। টেলিভিশন জানিয়েছে, ওই স্যটেলাইটটির নাম হবে 'বেশারাত', যার অর্থ সুসংসাদ।
রেজা তাঘিপুর আরও জানান, আরও একটি স্যাটেলাইট পাঠানোর জন্য রাশিয়া ও এশীয় দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এর১৮২৭ ঘ.
bdnews24