ইসলামাবাদ, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে প্রধান সামরিক অস্ত্র কারখানার সামনে বৃহস্পাতিবার দুটি আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
পুলিশ জানায়, কাজ শেষ করে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে আসার সময়ই কারখানার বাইরে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। ইসলামাবাদ থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ওয়াহ নামক স্থানে কারখানাটি অবস্থিত।
পুলিশ কর্মকর্তা সরদার শাহবাজ বলেন, "৫০ জনের মতো নিহত হয়েছে। এছড়া আহত হয়েছে আরও প্রায় ৬০ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।"
পাকিস্তানের অধিকাংশ অস্ত্র কারখানা অবস্থিত ওয়াহ শহরে। এখানে প্রায় ১৫টি কারখানায় ২৫ হাজার শ্রমিক গোলাবারুদ, অস্ত্র ও বিস্ফোরক তৈরি করে থাকে।
শ' শ' শ্রমিক কারখানার বাইরে চলে আসার পরই তাদের মধ্যে মিশে গিয়ে বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারীরা।
পুলিশ কর্মকর্তা শাহবাজ জানান, কারখানাটির মূল ফটকের কাছে প্রথম বিস্ফোরণটি ঘটায় আত্মঘাতী হামলাকারী। এর প্রায় পরপরই কাছাকাছি অন্য একটি প্রবেশপথে দ্বিতীয় আত্মঘাতী হমলা হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানিয়েছেন, পুলিশ বিস্ফোরণস্থল দুটি ঘিরে রেখেছে। সাংবাদিকদের সেখানে যেতে দেওয়া হচ্ছে না। অ্যাম্বুলেন্সে করে হতাহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪০ ঘ.
bdnews24