মাদ্রিদ, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাদ্রিদ বিমানবন্দরে বুধবার বিমান বিধ্বস্ত হয়ে ১৫৩ জন নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এদিকে, মৃতদেহ সনাক্ত করতে মর্গে ভিড় জমিয়েছেন শোকার্ত স্বজনরা।
বুধবার ১৬৬ জন যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে স্প্যানএয়ারের উড়োজাহাজটি মাদ্রিদ থেকে ক্যানারি দ্বীপপুঞ্জের লাস ফামাস যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
স্প্যানএয়ারের এমডি-৮২ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঠিক পূর্বমুহূর্তে উড্ডয়নের প্রাথমিক চেষ্ঠা কেন ব্যর্থ হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
উন্নয়নমন্ত্রী ম্যাগডালেনা অ্যালভারেজ বলেন, "বিমান কোম্পানিটির দেওয়া তথ্যের পাশাপাশি বিমানের ব্লাক বক্সে সংরক্ষিত তথ্যও পরীক্ষা করে দেখা হচ্ছে।"
দুর্ঘটনায় নিহতদের অধিকাংশের আগুনে পুড়ে ঝলসে গেছে। মৃহদেহ সনাক্ত করতে বৃহস্পতিবার মর্গে ভিড় জমিয়েছেন নিহতদের স্বজনরা। তারা সেখানে শোক করছে।
বিমানবন্দরের কর্মকর্তারা জানান, বুধবার স্থানীয় সময় বিকেল পৌনে ৩টায় (সকাল ৮টা ৪৫ ইডিটি) উড়োজাহাজটি রানওয়ে থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হয়। জলন্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশ ও নিহতদের ছিন্নভিন্ন দেহ রানওয়ের বিস্তির্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
উদ্ধারকারী দলের প্রধান হারবিজিও কোরাল সাংবাদিকদের বলেন, "শুধু উড়োজাহাজের লেজের অংশটিই চেনা যাচ্ছিল।"
তিনি জানান, আরোহীদের অধিকাংশই ক্যানারি দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। যাত্রী আর ক্রুদের মধ্যে কেবল ২৮ জনকে জীবিত উদ্ধার করা গেছে।
স্পেনের সরকারি রেডিও জানিয়েছে, আহতদের ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
দেশটির উন্নয়ন মন্ত্রী ম্যাগডালেনা অ্যালভারেজ সাংবাদিকদের বলেন, "টেক অফের ত্র"টির কারণে উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
এ দুর্ঘটনার পর স্প্যানিশ প্রধানমন্ত্রী হোসে লুই রডরিগেজ জাপাতেরো তার অবকাশ সংক্ষিপ্ত করার ঘোষণা দিয়েছেন। দেশটির অলিম্পিক কমিটি জানিয়েছে, নিহতদের প্রতি শোক জানাতে চীনের অলিম্পিক ভিলেজে স্পেনের পতাকা অর্ধনমিত রাখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/জেকে/এমএইচবি/এমডি/এফএইচবি/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24