সিঙ্গাপুর, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক নওয়াজ শরীফ তার দল নিয়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। শুক্রবারের মধ্যে বরখাস্ত বিচারকদের স্বপদে পুর্নবহালের সিদ্ধান্ত না হলে তিনি জোট সরকার থেকে বেরিয়ে যাওয়ার এই হুমকি দিলেন। বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
সোমবার প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ পদত্যাগ করার পর থেকেই বরখাস্ত বিচারপতিদের স্বপদে পুর্নবহাল নিয়ে জোটের দুই বৃহত্তম দল জারদারির নেতৃত্বাধীন পিপিপি ও নওয়াজের নেতৃত্বাধীন পিএমএল-এন এর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
নওয়াজ শরীফ ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, গত বছর প্রেসিডেন্ট মুশাররফের হাতে বিচারকদের বরখাস্তের ঘটনা পাকিস্তানের আলোড়ন সৃষ্টি করেছে। তাদেরকে স্বপদে ফিরিয়ে দেওয়া প্রয়োজন।
তিনি বলেন, "আমরা সরকারকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করব না। কিন্তু এ বিষয়টির সুরাহা না হলে আমাদের বিরোধী দলের আসনে বসা ছাড়া আর কোনো পথ নেই।"
বিশ্লেষকরা বলছেন, জোট সরকারের নেতৃত্বে থাকা দল পিপিপি এখনই বিচারকদের পুনর্বহালে রাজি নয়। কারণ, এতে করে গত বছর দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া পার্টি নেতাদের প্রতি আবারও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বরখাস্ত প্রধান বিচারপতি।
চারদলীয় জোট সরকারের ছোট দুটি দলের নেতারা অবশ্য বিচারকদের পুনর্বহাল নিয়ে নেতাদের মতৈক্যে পৌঁছতে ব্যর্থতার কথা তেমন জোর দিয়ে বলেননি। তবে তারা বলেন, বড় দলগুলোর মধ্যে বিষয়টি সুরাহা করার জন্য তিনদিন সময় দেওয়া হয়েছে।
শরীফ বলেন, মুশাররফের অভিশংসনের ২৪ ঘণ্টার মধ্যে বিচারকদের স্বপদে বহাল করা হবে বলে জারদারি তাকে আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেন, "অভিশংসনের পদক্ষেপে তাকে আমরা সমর্থন দিয়েছি। এখন বিচারকদের স্বপদে ফিরিয়ে দিয়ে আমাদেরকে সমর্থন জানানোর পালা তার।"
তবে বিশ্লেষকরা বলছেন, জোট থেকে নওয়াজ বেরিয়ে গেলেও জোটকে নির্বাচনের মুখে পড়তে হবে না। কেননা, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ পিপিপি সরকার টিকে থাকার জন্য প্রয়োজনীয় সমর্থন পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৫৬ ঘ.
bdnews24