গুয়াহাটি, ভারত, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৫০ হাজার মানুষ গৃহহীন হয়েছে। কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। ওদিকে, নেপালের বন্যায় গৃহহীন হয়েছে অন্ততপক্ষে ২০ হাজার মানুষ।
বন্যায় আসাম রাজ্যের প্রায় ১০০টি গ্রাম ডুবে গেছে। বাড়িঘর ও ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে এবং হাজার হাজার লোক নিরাপদ আশ্রয়ের জন্য উচুঁভূমিতে আশ্রয় নিচ্ছে।
কর্মকর্তারা আশ্রয়হীন মানুষের জন্য স্কুল এবং সরকারি ভবনগুলোতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন এবং পানি বন্দিদের কাঠের নৌকায় উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছেন। অনেকেই মহাসড়কের ওপর প্লাস্টিকের কাগজ দিয়ে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করছে।
আসামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল জোরহাট জেলার মাজুলি। সেখানকার কর্মকর্তা পি.সি. ডেকা বলেন, "সব নদীর পানি বেড়েছে এবং ১০০ টি গ্রাম পানিতে তলিয়ে গেছে।" তিনি আরও বলেন, " প্রায় ৫০ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।"
আবহাওয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে, আগামী ২৪ ঘণ্টায় ওই অঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে।
এছাড়াও পাশ্ববর্তী দেশ নেপালে নদীর বাঁধ বেঙে ছয়টি গ্রাম ডুবে গেছে। এতে কমপক্ষে ২০ হাজার লোক বাস্তুহারা হয়েছে এবং একটি সাহায্য শিবিরে আশ্রয় নিয়েছে। কর্মকতারা বুধবার একথা জানিয়েছেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।
টেলিভিশন চিত্রে দেখা গেছে মানুষ তলপি-তলপা নিয়ে কোমার পানিতে হেঁটে উচু জায়গায় আশ্রয়ের সন্ধানে ছুটছে। নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড তাৎক্ষণিকভাবে দুর্গতদের জন্য ৩০০,০০০ ডলার সাহায্য ঘোষণা করেছেন। উপদ্রুত অঞ্চলে বুধবারেই তার পরিদর্শনে যাওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩০ ঘ.
bdnews24