ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামরিক শাসকরা ইতিহাস থেকে শিক্ষা নেন না এ কথাই আবারো প্রমাণ করলেন পাকিস্তানের পারভেজ মুশাররফ। তিনি ১৯৯৯ সালে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার ভঙ্গ করেন বার বার, প্রেসিডেন্ট পদে থেকেও উর্দি ছাড়তে তার গড়িমসি ছিল তীব্র; চাপ বাড়তে থাকলে গত বছর প্রধান বিচারপতিকে বরখাস্ত করেন, আইনজীবীদের ধরপাকড় ও দেশে জরুরি অবস্থা জারি করে শেষ রক্ষার চেষ্টা চালান।
কিন্তু জনগণ এ বছরের গোড়ায় নির্বাচনে প্রত্যাখান করে তার সমর্থক দলকে, ক্ষমতায় আসে বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট। পার্লামেন্টে অভিশংসনের মুখে পদচ্যুতির গ্লানি থেকে বাঁচতে সোমবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এ ঘোষণায় পাকিস্তানিরা রাস্তায় নেমে উল্লাস করেছে। করাচি পুঁজিবাজারে সূচক এক লাফে বেড়ে গেছে চার শতাংশ।
১৯৯৯ সালের ১২ অক্টোবর রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনা প্রধান পারভেজ মুশাররফ। অভ্যুত্থানের পর নিজেকে পাকিস্তানের চিফ এক্সিকিউটিভ (প্রধান নির্বাহী) ঘোষণা করে ওই সময়ের রাষ্ট্রপতি রফিক তারারকে স্বপদে বহাল রাখেন। পাকিস্তানে শুরু হয় মুশাররফ-অধ্যায়।
২০০১ সালের ২০ জুন নিজেকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন মুশাররফ। পাকিস্তানের ইতিহাসে তিনি হচ্ছেন চতুর্থ সেনাপ্রধান, যিনি পরে দেশটির প্রেসিডেন্টের পদ দখল করেন। বিশ্বের দুই বৃহৎ শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের নিরঙ্কুশ আশীর্বাদ ছিল তার প্রতি। বিশেষ করে ২০০১ সালে নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় চলে আসেন মুশাররফ। আফগানিস্তানে তালেবান জঙ্গি দমনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে পাকিস্তানের ভূমি ব্যবহারের অনুমতি দেন তিনি।
বুশ সরকারের সঙ্গে মুশাররফের ঘনিষ্ঠতার কারণে ২০০১ সাল থেকে ইসলামাবাদকে এ পর্যন্ত এক হাজার কোটি ডলারের বেশি সাহায্য দিয়েছে ওয়াশিংটন। এ অর্থের বেশিরভাগই বরাদ্দ পেয়েছে সামরিক খাত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে পশ্চিমা দেশগুলোও অভ্যন্তরীণ সঙ্কটে মুশাররফকে বিভিন্ন সময়ে সমর্থন জানিয়ে এসেছে।
পাকিস্তানের মাদ্রাসাগুলো তালেবান সৃষ্টির ঘাঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করে আসছিল পশ্চিমা বিশ্ব। জেনারেল মোশাররফ আমেরিকার সহায়তায় দেশের ভেতর আল-কায়েদাদের বিরুদ্ধে অভিযান চালান এবং কট্টর ইসলামপন্থীদের কঠোর হস্তে দমন করেন।
কয়েক দফা মুশাররফকেও হত্যার চেষ্টা করে ব্যর্থ হয় কট্টরপন্থীরা।
২০০১ সালে আফগানিস্তানে তালেবানপন্থী সরকারের পতন হয়। সেখান থেকে পালিয়ে আসা আল-কায়েদা ও তালেবান সদস্যদের পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের জাতিগত গোষ্ঠীগুলো আশ্রয় দেয়। সেখানে পাকিস্তান বাহিনী অভিযান শুরু করলে মুশাররফের জনপ্রিয়তা কমতে শুরু করে যা ২০০৭ সালের লাল মসজিদ অভিযানের পর তলানিতে পৌঁছায়।
এদিকে ২০০২ সালে ভারতের পার্লামেন্টে বোমা হামলার ঘটনায় দেশটি পাকিস্তানকে দায়ী করলে দুদেশের মধ্যে চতুর্থ বারের মতো যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দেয়। তবে ওই বছরই দেশে জাতীয় নির্বাচন আয়োজন ও তাতে বিজয়ী হওয়ার পর ভারতের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার কাজ শুরু করেন মুশাররফ। ২০০৪ সালের পর থেকে সীমান্তে সংঘাত কমে আসে, দু'দেশের মধ্যে বাস চলাচল শুরু হয় এবং বাণিজ্যে প্রসার ঘটে। সীমান্তে উত্তেজনা হ্রাসে সেনাবাহিনীতে ব্যক্তিগত প্রভাব খাটান তিনি।
ক্ষমতায় আসার পর থেকেই মুশাররফ ধীরে ধীরে সব ধরনের বিরেধীদের নির্মূল করেন। রাজনীতির পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও নিজের প্রভাব খাটানো শুরু করেন মুশাররফ। ক্ষমতার শেষ দুবছরে তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। ২০০৭ সালে তিনি প্রধান বিচারপতিকেও বরখাস্ত করেন।
২০০৭ সালের ৩ নভেম্বর তার প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে সিদ্ধান্ত ঘোষণার মাত্র একদিন আগে সংবিধান স্থগিত করে দেন পারভেজ মুশাররফ। সে সময় প্রধান বিচারপতি ইফতিখার মুহাম্মদ চৌধুরীসহ অসংখ্য বিচারককে আটক করা হয়। দেশে জারি করা হয় জরুরি অবস্থা, যা ২০০৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত বলবৎ ছিল। ২০০৭ সালের ২৪ নভেম্বর পাকিস্তানের নির্বাচন কমিশন প্রেসিডেন্ট পদে তার পুনর্র্নিবাচনের বৈধতা দেয়।
তবে ক্ষমতার চরম ব্যবহার করলেও ক্ষমতায় থাকার সময় মুশাররফের বিরুদ্ধে বড় ধরনের কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। এটা পাকিস্তানের শাসকদের ক্ষেত্রে খুবই বিরল উদাহরণ। মুশাররফ পাকিস্তানের সমাজ ব্যবস্থা আধুনিকায়নের ব্যপারেও নানা পদক্ষেপ নেন। তিনি নারী শিক্ষার বিস্তারসহ দেশের সার্বিক শিক্ষার মান উন্নয়নের জন্যও উদ্যোগ নেন।
পাকিস্তানের অর্থনীতি উন্মুক্ত করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করেন। তবে এতে পাকিস্তানের অর্থনীতিতে তেমন প্রভাব পড়েনি। জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস বিরোধী যুদ্ধে অংশ নেওয়ার কারণে পাকিস্তানের ধর্মীয় নেতাদের বড় একটি অংশ মুশাররফের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে। মুশাররফের অজনপ্রিয়তার কফিনে সর্বশেষ পেরেক ছিল বেনজির ভুট্টোর হত্যাকাণ্ড।
পারভেজ মুশাররফ ১৯৯৯ সালে যতটুকু জনপ্রিয়তা পুঁজি করে তার যাত্রা শুরু করেছিলেন তার চেয়ে অনেক বেশি অজনপ্রিয় অবস্থায় বিদায় নিলেন। ক্ষমতার লোভে সামরিক ঊর্দি ত্যাগ করেও শেষ রক্ষা হয়নি। সবচেয়ে নির্ভরতার জায়গা সেনাবাহিনীও কার্যত তার প্রতি সমর্থন প্রত্যাহার করেছে। পাকিস্তান এখন গণতন্ত্রের পথে আবার ফিরে এসেছে। তবে মুশাররফকে সরিয়ে দিয়ে নতুন পাকিস্তানের জোট সরকার কতটা সাবলীলভাবে গণতন্ত্রকে এগিয়ে নিতে পারবে সেটাই এখন দেখার বিষয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএইচবি/২৩১০ ঘ.
bdnews24