২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের পদত্যাগে পাকিস্তানে খুশির ফোয়ারা

প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগের ঘোষণায় রাস্তায় নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করেছে পাকিস্তানিরা। সাধারণ মানুষের অনেকেই আশা করছেন, মুশাররফের বিদায়ে তাদের জীবন-যাপনে উন্নতি ঘটবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:15 PM

মুলতান, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগের ঘোষণায় রাস্তায় নেচে-গেয়ে আনন্দ-উল্লাস করেছে পাকিস্তানিরা। সাধারণ মানুষের অনেকেই আশা করছেন, মুশাররফের বিদায়ে তাদের জীবন-যাপনে উন্নতি ঘটবে। গত বছর মুশাররফ প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করার চেষ্টা করলে আইনজীবীরা মুশাররফ-বিরোধী আন্দোলনে জ্বলে উঠেছিলেন। সোমবার মুশাররফের পদত্যাগ ঘোষণা শোনামাত্র দক্ষিণ-পূর্বাঞ্চলের মুলতান শহরে আইনজীবীরা "আমেরিকার পুতুল নিপাত যাক" শ্লোগান দিতে দিতে আদালত ছেড়ে রাস্তায় নেমে আসেন। প্রায় ৪শ' সহকর্মীর মাঝে নাচতে নাচতে আইনজীবী মালিক নাভিদ বলেন, "মনে হচ্ছে যেন আমি আমার বিয়ের উৎসবে মেতেছি।" সাবেক সেনাপ্রধান এবং যুক্তরাষ্ট্রের মিত্র মুশাররফ প্রায় নয় বছর একক হাতে পাকিস্তান শাসন করার পর ক্ষমতাসীন কোয়ালিশন সরকারের অভিশংসনের হুমকির মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে তিনি এ ঘোষণা দেন। ১৯৯৯ সালে সেনাঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুশাররফ ক্ষমতায় আসেন। প্রায় এক দশকের ভেঙে পড়া বেসামরিক শাসনের পর মুশাররফ ক্ষমতায় এলে তাকে স্বাগত জানায় পাকিস্তানিরা। কিন্তু গত বছর প্রধান বিচারপতিকে বরখাস্তের চেষ্টা, দেশে ছয় সপ্তাহ ধরে জরুরি অবস্থা, গণমাধ্যমের টুঁটি চেপে ধরা এবং রাজনৈতিক নেতাদের ধরপাকড়ের ঘটনায় তার জনপ্রিয়তায় ধস ন্মা শুরু হয়। উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরের অবসরপ্রাপ্ত সৈনিক জাফর শাহ বলেন, "সব সমস্যার মূল কারণ দূর হয়েছে। আমার ইচ্ছা করছে গুলি ছুঁড়ে উল্লাস করতে কিন্তু দুর্ভাগ্যবশত আমার তা করার সুযোগ নেই।" দেশের বাণিজ্যিক রাজধানী করাচিতেও মিষ্টি বিতরণ করে, নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেছে লোকজন। ৩০ বছর বয়সী মোহাম্মদ ইলিয়াস বলেন, "আল্লাহর কাছে শুকরিয়া, সে পদত্যাগ করেছে। এটা জনগণের জয়। দেশ এখন আরও ভালো চলবে।" তবে সমালোচকরা বলছেন, পাকিস্তানে ক্রমশ খারাপ হতে থাকা নিরাপত্তা পরিস্থিতি ও অর্থনৈতিক অবস্থা থেকে নতুন সরকারের মনোযোগ সরে গেছে মুশাররফের বিরুদ্ধে ক্ষোভ-বিক্ষোভ-আন্দোলনের কারণে। দেশটিতে গত ৩০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সবচেয়ে বেশি বর্তমান অর্থবছরে বাজেট ঘাটতিও বেড়েই চলেছে। পাকিস্তানি রুপির দাম প্রায় চার ভাগের এক ভাগ কমে গিয়েছে। এছাড়া শেয়ার বাজারে গত ২১ এপি্েরলর রেকর্ড পরিমাণ ঊর্ধ্বাবস্থা থেকে সূচক প্রায় ৫০ শতাংশ নিচে নেমে গেছে। অনেকে মুশাররফ-পরবর্তী সময়ে তাদের প্রত্যাশার কথা বলেছেন। করাচির ব্যবসায়ী রিফাকাত শাহের (৬৫) বিশ্বাস, "এবার মুদ্রাস্ফীতি অবশ্যই কমবে।" তবে অনেকেই বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে অবদান রাখা এবং গত বছর পর্যন্ত অর্থনীতির ভাল প্রবৃদ্ধি বজায় রাখতে সক্ষম হওয়া মুশাররফের পদত্যাগে রিফাকাত শাহর মতো আশাবাদী নন। করাচির মরিয়ম বিবি বলেন, "অর্থনৈতিকভাবে দেশ ভালো করছিল। কিন্তু এখন রাজনৈতিক নেতারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন না। পরিস্থিতি আরও খারাপ হবে।" মুশাররফের অজনপ্রিয়তার স্বত্ত্বেও অনেক পাকিস্তানি ক্ষমতায় ফিরে আসা বেসামরিক নেতাদের নিয়ে সন্দিহান। ১৯৯০ দশকে ক্ষমতায় থাকা এই নেতাদের বেশিরভাগের বিরুদ্ধেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। কেউ কেউ মনে করছেন মুশাররফ চলে যাওয়ার ফলে জোট সরকারের রাজনৈতিক দলগুলো তাদের চিরায়ত দ্বন্দ্বে মেতে উঠবে। মুলতানের বাসিন্দা, সরকারি চাকরিজীবী মোহাম্মদ ফয়সল বলেন, "আমি খুব বেশি আশা করছি না। এই নেতারা আবার রাজনৈতিক দ্বন্দ্বে মেতে উঠবে। আমার মনে হয় না তারা জিনিসপত্রের দাম কমাতে পারবে।" বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকম/কিউএইচ/এমএইচবি/২১২৯ ঘ.