মস্কো, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্জিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দক্ষিণ ওসেটিয়ার প্রেসিডেন্ট সোমবার সরকার বরখাস্ত করেছেন। সেইসঙ্গে এক-মাসের জরুরি অবস্থাও জারি করেছেন তিনি। জর্জিয়ার সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
৮ আগস্টে শুরু হওয়া সংকটের সময় মন্ত্রিপরিষদের সদস্যদের ভূমিকার কঠোর সমালোচনা করেন প্রেসিডেন্ট এডুয়ার্ড ককোইটি।
রুশ সংবাদ ভিত্তিক চ্যানেল ভেস্তি-২৪ কে ককোইটি বলেন, "একজন আমলাকে মানুষের জন্য কাজ করতে হয় , তার অবস্থানকে নিজের লাভে ব্যবহারের জন্য নয়।"
রাশিয়া এবং আন্তর্জাতিক সাহায্যগুলো সংঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার হাজার হাজার বাস্তুহারা মানুষকে সহায়তা করার জন্য সাহায্য পাঠিয়েছে। এছাড়াও অঞ্চলটির বিধ্বস্ত অবকাঠামো এবং পানি ও পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা পুনস্থাপনের জন্যও কাজ করছে রাশিয়া এবং আন্তর্জাতিক সংস্থাগুলো।
আন্তর্জাতিক রেড ক্রস জানিয়েছে, সংঘর্ষের সময় এ অঞ্চলের অর্ধেক মানুষই পালিয়ে গেছে। এছাড়াও দক্ষিণ ওসেটিয়ার সীমান্তের কাছে সংস্থাটি একটি শরণার্থী শিবির স্থাপন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২০ ঘ.
bdnews24