জাকার্তা, আগস্ট ১৭ (বিডিনিসউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মৃত্যুদন্ড কার্যকরের পদ্ধতি নিয়ে সাংবিধানিক আদালতে আবেদনের শুনানি সত্ত্বেও ইন্দোনেশিয়ার বালিতে বোমা হামলার দায়ে সাজাপ্রাপ্ত তিন হামলাকারীর মৃত্যুদণ্ড কার্যকর পিছাচ্ছে না। ইন্দোনেশিয়ার এটর্নি জেনারেল রোববার একথা জানিয়েছেন।
ইন্দোনেশিয়ায় ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি অমানবিক আখ্যা দিয়ে তিন বোমা হামলাকারী ইমাম সমুদ্র, আমরোজি এবং মুখলেস এর আইনজীবী এ মাসে ওই পদ্ধতির বিরুদ্ধে আদালতে আবেদন করেন। তিনি জানান, তার তিন মক্কেল ইসলামিক পদ্ধতি শিরোচ্ছেদে মৃত্যু চান।
২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বোমা হামলার দায়ে সাজাপ্রাপ্ত ওই তিনজনকে ২০০৩ সালে মৃত্যুদণ্ড দেয় বালি আদালত। মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি নিয়ে তাদের মধ্যে বিতর্কের শুরু তখন থেকেই। বালি বোমা হামলায় নিহত হয়েছিল ২০২ জন মানুষ।
এটর্নি জেনারেল হেন্দারম্যান সুপঞ্জি বলেছেন, আইনানুয়ায়ী, ওই আবেদনের ফলে মৃত্যুদণ্ড কার্যকরে বিলম্ব হবে না। এর আগে সুপঞ্জি জানিয়েছিলেন, "সেপ্টেম্বরে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরুর আগেই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। এর মধ্যে তাদের সব আইনি বিকল্প খোঁজাও শেষ হয়ে যাবে।"
বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, "আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনও শেষ হয়নি। প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়ে গেলেওই মৃত্যুদণ্ড কার্যকর হবে।"
তিন হামলাকারীর মৃত্যুদণ্ড ইন্দোনেশিয়ায় মুসলিম জঙ্গিদের ক্ষোভ উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কোনো কোনো বিশ্লেষক বলছেন, বোমা হামলাকারীদের হামলার সহিংস পদ্ধতি বেশির ভাগ ইন্দেনেশিয়ই সমর্থন করে না বলে ব্যাপক ক্ষোভ দেখা দেওয়ার তেমন আশঙ্কা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩২ঘ.
bdnews24